আদিবাসী নারীদের সঙ্গে নাচলেন সোনিয়া গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র চার মাস আগে কঠিন অস্ত্রোপচার হয়েছে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর। বেশ কিছুদিন ছিলেন বিশ্রামে, জনমানুষ থেকে আড়ালে। তবে গত শুক্রবার সোনিয়াকে দেখে কারও বোঝার উপায় ছিল না, কিছুদিন আগেও তিনি গুরুতর অসুস্থ ছিলেন। আদিবাসী একদল নারীর সঙ্গে নেচে জানালেন, ভালোই আছেন তিনি।আদিবাসী নারীদের ক্ষমতায়ন নিয়ে গত শুক্রবার রাজধানী নয়াদিল্লিতে জাতীয় কনভেনশনের আয়োজন করে কংগ্রেসের নারী শাখা অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস। মহারাষ্ট্রের আহমেদনগর থেকে আসা ওই আদিবাসীরা সোনিয়াকে তাঁদের লোকগীতির সঙ্গে নাচার আহ্বান জানান। সঙ্গে সঙ্গেই তাঁদের প্রস্তাব লুফে নেন ৬৬ বছর বয়সী সোনিয়া। ভাষণ শেষে মঞ্চ থেকে নামলেন তিনি। মিশে গেলেন আদিবাসী নারীদের মধ্যে। প্রায় ১০ মিনিট নাচলেন তিনি।গত আগস্টে যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার হয় সোনিয়া গান্ধীর। তবে কী কারণে তাঁর দেহে এই অস্ত্রোপচার করা হয়েছে, সে ব্যাপারে মুখ খোলেননি সোনিয়া বা দলের কেউই। এরপর দলের একাধিক বৈঠকে তিনি ছিলেন অনুপস্থিত। সেপ্টেম্বরে দেশে ফিরে আসেন তিনি। গত ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন সোনিয়া।চলতি মাসের শুরুর দিকে মনিপুরে সোনিয়া কর্মব্যস্ততার মধ্য দিয়ে একটি দিন কাটিয়েছেন। গতকাল শনিবার একটি রাজনৈতিক শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য তিনি গোয়া যান। টাইমস অব ইন্ডিয়া।