আদিবাসীদের ঘেরাও থেকে গিলার্ডকে উদ্ধার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকে গতকাল বৃহস্পতিবার ক্যানবেরার একটি রেস্তোরাঁয় ঘেরাও করেন সে দেশের আদিবাসী মানবাধিকারকর্মীরা। পরে কড়া নিরাপত্তাবলয় তৈরি করে তাঁকে উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।১৭৮৮ সালে অস্ট্রেলিয়ায় ব্রিটিশ বসতি স্থাপনকারীদের আগমন উপলক্ষে গতকাল ‘অস্ট্রেলিয়া দিবস’ উদ্যাপন করতে ওই রেস্তোরাঁয় যান গিলার্ড ও বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোট। দিবসটি উপলক্ষে জরুরি সেবাদানকারী কর্মীদের মধ্যে পদক বিতরণ করছিলেন গিলার্ড। একপর্যায়ে আদিবাসীরা ওই রেস্তোরাঁ চারপাশ থেকে ঘেরাও করে ফেলে। এ সময় আদিবাসী নেতা-কর্মীরা ‘বর্ণবাদী’ ও ‘লজ্জা’ বলে ধ্বনি দেন। পরে তাঁরা রেস্তোরাঁর কাচের দেয়াল ভাঙচুর করেন। এর আগেই প্রধানমন্ত্রী গিলার্ডকে নিরাপদে বের করে আনতে সক্ষম হন নিরাপত্তাবাহিনীর কর্মী ও পুলিশ বাহিনী। অবশ্য দ্রুত হাঁটতে গিয়ে একবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন গিলার্ড। পরে গিলার্ড বলেন, রাগ হয় এই ভেবে, এমন একটা সুন্দর অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হলো।অস্ট্রেলিয়ায় ব্রিটিশ বসতি দিবসকে আদিবাসীরা ‘দখলদার দিবস’ হিসেবে আখ্যা দিয়ে আসছে। ওই রেস্তোরাঁর অদূরেই আদিবাসীদের তাঁবু। আদিবাসী নেতা মাইকেল অ্যান্ডারসন বলেন, সকালের দিকে বিরোধী দলের নেতা অ্যাবোট রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন, আদিবাসীদের আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এএফপি।