আদিবাসীদের জীবনমান উন্নয়নে অস্ট্রেলিয়া ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের অর্জন আশাব্যঞ্জক নয়। আদিবাসী ও অ-আদিবাসী মানুষের মধ্যে বিভিন্ন সুযোগ-সুবিধার বৈষম্য রয়েছে এখনো। সম্প্রতি প্রকাশিত বৈষম্য হ্রাসবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল গতকাল মঙ্গলবার পার্লামেন্টে বলেন, ‘বার্ষিক প্রতিবেদনের এই চিত্র বলছে, অস্ট্রেলিয়া সঠিক পথে নেই। অগ্রগতি আশাপ্রদ নয়। আদিবাসীদের জীবনমান উন্নয়নের ছয়-সাতটি উদ্যোগের ক্ষেত্রে লক্ষ্য অর্জিত হয়নি এখন পর্যন্ত।’
অ্যাবরোজিন নামে পরিচিত অস্ট্রেলিয়ার আদিবাসীরা এখন সে দেশের মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশ। তারাই দেশটির সবচেয়ে পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। এ নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং শ্রম আয়সহ বিভিন্ন ক্ষেত্রে আদিবাসীদের জীবনমান উন্নয়নের চেষ্টা চালাচ্ছে সরকার। এই পদক্ষেপগুলোর ভিত্তিতেই বার্ষিক প্রতিবেদন করা হয়।
প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল পার্লামেন্টে বলেন, আদিবাসীদের উন্নয়নে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সম্পদের বিনিয়োগ বাড়িয়েছে। বহু নাগরিক নিজেদের পক্ষ থেকে সহায়তা করছেন এবং প্রচেষ্টায় সম্পৃক্ত হচ্ছেন। তারপরও কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। আদিবাসীদের মধ্যে শিশুমৃত্যুর হার কমানো, শিক্ষা ও কর্মসংস্থানের অর্জন আশাব্যঞ্জক নয়।
টার্নবুল বলেন, আদিবাসীদের জীবনমান উন্নয়নে গবেষণা ও নীতি প্রণয়নে সরকার নতুন করে প্রায় চার কোটি ডলার ব্যয়ের উদ্যোগ নিয়েছে।