আদিবাসীদের ধর্মঘটে অচল নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে নেপালের সর্বত্র সহিংসতা ছড়িয়ে পড়েছে। রাজধানী কাঠমান্ডু ও দ্বিতীয় বৃহত্তম শহর পোখারায় গতকাল রোববার ৭০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শহর দুটির দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তায় কোনো যানবাহন চলেনি। সীমানা নির্ধারণ ও আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলো নিয়ে আলাদা প্রদেশ গঠনের কথা সংবিধানে উল্লেখ করার দাবিতে গতকাল থেকে তিন দিনব্যাপী এ ধর্মঘটের ডাক দেয় নেপাল ফেডারেশন অব ইন্ডিজেনাস ন্যাশনালিটিস (এনইএফআইএন)। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্থিতিশীলতার কারণে ২৭ মের মধ্যে সংবিধান প্রণয়নের বিষয়ে যে আইনি বাধ্যবাধকতা রয়েছে, তা আবারও পিছিয়ে যেতে পারে।নেপালের পুলিশ মুখপাত্র বিনোদ সিং বলেন, কাঠমান্ডুবাসীকে ধর্মঘট পালনে বাধ্য করায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পোখারায় গাড়ি ভাঙচুরের সময় গ্রেপ্তার হয়েছে আরও কয়েকজন। তিনি বলেন, ধর্মঘটিরা কাঠমান্ডুতে ১৫টি যানবাহন ও আটটি মোটারসাইকেল ভাঙচুর করেছে। ভাঙচুর করা হয়েছে টেলিভিশন সংবাদকর্মীদের ছয়টি গাড়িও। ধর্মঘটিরা গণমাধ্যম অফিস ও তাদের কর্মীদের নিশানা করেছে বলে বিনোদ সিং অভিযোগ করেছেন।স্থানীয় লোকজন জানান, ধর্মঘটে কাঠমান্ডুর হাজার হাজার দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। গাড়ি চলাচল না করায় শূন্য রাস্তায় শিশুদের খেলতে দেখা গেছে।সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনায় এনইএফআইএনের প্রতি নিন্দা জানিয়েছে ফেডারেশন অব নেপালিজ জার্নালিস্টস (এফএনজে)। প্রতিষ্ঠানটির প্রধান শিভা গলে গতকাল সাংবাদিক ও তাঁদের গাড়িতে হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেন। তবে এনইএফআইএনের প্রেসিডেন্ট রাজ কুমার লেখি বলেছেন, গণমাধ্যমে হামলার নীতি তাঁরা অনুসরণ করেন না।দেশজুড়ে ধর্মঘট গতকাল থেকে শুরু হলেও পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত এলাকার বাসিন্দারা তাদের অঞ্চল ভাগ না করার দাবিতে আরও আগে থেকেই ধর্মঘট পালন করে আসছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় থারুস আদিবাসীরাও ধর্মঘটে যোগ দিয়েছে। নতুন সংবিধান প্রণয়নের ঘোষণা নিয়ে ২০০৮ সালে নেপালে পার্লামেন্ট নির্বাচন হয়। কিন্তু আইনপ্রণেতারা কেন্দ্রীয় সরকারের গঠন ও সরকারব্যবস্থার ধরন প্রশ্নে মতৈক্যে পৌঁছাতে না পারায় সংবিধান প্রণয়নের সময়সীমা এরই মধ্যে একাধিকবার পিছিয়েছে। এ অবস্থায় দেশটির সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, ২৭ মের মধ্যে সংবিধান প্রণয়ন করতেই হবে। এ ব্যাপারে আর সময় বাড়ানো যাবে না। ২৭ মের মধ্যে কোনো সুরাহা না হলে পার্লামেন্টকে নতুন নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করা হতে পারে। সেটা হলে দেশটি নতুন করে এক রাজনৈতিক সংকটের মধ্যে পতিত হবে।মাওবাদী নেতৃত্বাধীন গৃহযুদ্ধের অবসান ও রাজতন্ত্রের পতনের পর থেকে নেপালে অস্থিতিশীলতা লেগেই রয়েছে। হিমালয়কন্যা বলে পরিচিত নেপালে শতাধিক আদিবাসী গোষ্ঠী রয়েছে। এদের অনেকে নিজেদের গোষ্ঠীর নামে আলাদা প্রদেশ গঠনের দাবি করছে। দক্ষিণাঞ্চলভিত্তিক মহাদেশী জনাধিকার ফোরাম-নেপাল পার্টির প্রধান উপেন্দ্র যাদব বলেন, ‘মহাদেশীদের স্বায়ত্তশাসিত একটি প্রদেশ না দিলে আমরা সংবিধান গ্রহণ করব না।’ এএফপি ও রয়টার্স।