আদিবাসীদের ভূমি ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি জাতিসংঘের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের ব্ল্যাক হিলস ও মাউন্ট রাশমোর পার্বত্য এলাকাসহ বিভিন্ন স্থানে আদিবাসীদের নিজ ভূমি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত জেমস অ্যানাইয়া। ১২ দিনব্যাপী যুক্তরাষ্ট্র সফর শেষে তিনি এ সুপারিশ করেন।সফরকালে যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্যের বিভিন্ন সংরক্ষিত এলাকা ও শহরে অবস্থানরত আদিবাসীদের সঙ্গে দেখা করেন জেমস অ্যানাইয়া। এ সময় তিনি কয়েকজন আদিবাসী নেতা ও সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। অ্যানাইয়া বলেন, আমেরিকার আদি বাসিন্দাদের রয়েছে হারানোর বেদনা, বিচ্ছিন্নতাবোধ এবং অবমাননার অনুভূতি।যুক্তরাষ্ট্রের আদিবাসী-অধ্যুষিত এলাকায় এটি ছিল অ্যানাইয়ার প্রথম সফর। আদিবাসীদের অধিকারসংক্রান্ত জাতিসংঘ ঘোষণা থেকে যুক্তরাষ্ট্র দূরে সরে যাচ্ছে কি না, যাচাই করাই ছিল তাঁর এই সফরের উদ্দেশ্য। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সালে ওই ঘোষণায় স্বাক্ষর করেছিলেন। যুক্তরাষ্ট্র আগে একসময় ওই ঘোষণার বিরোধিতা করেছিল।সাউথ ডাকোটার নিকটবর্তী ব্ল্যাক হিলস পার্বত্য এলাকা সংরক্ষণের জন্য আদিবাসীদের দাবিকে উদাহরণ হিসেবে তুলে ধরেন অ্যানাইয়া। ওই এলাকাটি ওগলালা সিউক্স আদিবাসীদের আবাস বলে পরিচিত। অ্যানাইয়া বলেন, যে ভূমির ওপর আদিবাসীদের ন্যায্য ও বৈধ দাবি স্পষ্ট, তা তাদের ফিরিয়ে দিতে হবে। কোনো রকম বিভেদ ছাড়াই ভূমি সংরক্ষণের এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।ব্ল্যাক হিলস পার্বত্য এলাকা সরকারি সম্পত্তি হলেও সিউক্সরা ওই অঞ্চলকে পবিত্র ভূমি হিসেবে বিবেচনা করে। ১৮৬৮ সালে একটি চুক্তির মধ্য দিয়ে ওই এলাকাসহ পার্শ্ববর্তী কয়েকটি স্থান সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নয় বছর পর মার্কিন কংগ্রেস ওই ভূমি অধিগ্রহণের জন্য একটি আইন পাস করে। ভূমির পরিবর্তে সিউক্সদের অর্থ প্রদানের জন্য মার্কিন সুপ্রিম কোর্ট ১৯৮০ সালে নির্দেশ দেন। তবে সিউক্সরা তা প্রত্যাখ্যান করে ব্ল্যাক হিলস ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।ব্ল্যাক হিলস এলাকাটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলোর একটি। সেখানে বেকারত্বের হার অনেক বেশি এবং মানুষের গড় জীবনপ্রত্যাশা খুব কম। অ্যানাইয়া বলেন, ওই এলাকায় বিদ্যমান বিভিন্ন বৈষম্য আদিবাসী নেতাদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে। আদিবাসীদের সংখ্যা হ্রাস বা তাদের সংস্কৃতি হারিয়ে গেছে বলে প্রচলিত ধারণাগুলো ‘স্পষ্টতই ভুল’।আদিবাসীদের জমি ফিরিয়ে দেওয়ার সুপারিশসংবলিত একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জাতিসংঘে জমা দেবেন অ্যানাইয়া। আগামী সেপ্টেম্বরে ওই প্রতিবেদন প্রকাশিত হবে। অ্যানাইয়া বলেন, তাঁর সঙ্গে ওবামা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সাক্ষাৎ হলেও কংগ্রেস সদস্যদের কারও সঙ্গে আলোচনার সুযোগ পাননি। বিবিসি।