যুক্তরাষ্ট্রের অভিবাসনব্যবস্থা সংস্কারে গঠিত সিনেট কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক বিতর্ক চলছে। ভবিষ্যতে বিদেশি আধা দক্ষ শ্রমিকদের মজুরি প্রশ্নে বিতর্কের একপর্যায়ে গত শুক্রবার সিনেট কমিটির বৈঠকে অচলাবস্থার সৃষ্টি হয়। ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টির চারজন করে মোট আটজন সিনেটরকে নিয়ে গঠিত ওই সিনেট কমিটি একটি সমন্বিত অভিবাসন আইন প্রণয়নে কাজ করছে। ওই সিনেটররাই শুক্রবারের বিতর্কে অংশ নেন।নথিভুক্ত নয় এমন অভিবাসীদের মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া কী হবে এবং অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়া শ্রমিকদের ঢল নিয়ন্ত্রণের প্রক্রিয়াও নতুন ওই আইনের মাধ্যমে নির্ধারণ করা হবে। শিগগিরই এ ব্যাপারে একটি বিল উত্থাপন করা হবে।নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, কমিটির আট সদস্যই যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে কাজ করতে যাওয়া আধা দক্ষ শ্রমিকদের আপাতত ভিসা দেওয়ার ব্যাপারে রাজি হন। এই আধা দক্ষ শ্রমিক বলতে নির্মাণশ্রমিক, রান্নাকারী, নিরাপত্তাকর্মী ও হোটেলের কর্মীদের বোঝানো হয়েছে।সূত্রটি জানায়, ডেমোক্র্যাট সিনেটররা এ ব্যাপারে তাঁদের পরিকল্পনা উপস্থাপন করলে প্রথমে রিপাবলিকানরা তা গ্রহণ করেন। কিন্তু ওই পরিকল্পনা মার্কিন শ্রম ইউনিয়ন দি আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনস (এএফএল-সিআইও) নাকচ করে দিলে রিপাবলিকানরাও তা নাকচ করেন। তবে এএফএল-সিআইও বলছে, রিপাবলিকান সিনেটররা ওই পরিকল্পনা আগেই নাকচ করে দিয়েছেন। সিনেটের আট সদস্যের ওই কমিটিতে আছেন রিপাবলিকান নেতা জন ম্যাককেইন। গত শুক্রবার ম্যাককেইন বলেন, এ আলোচনা নিয়ে যখনই তাঁরা ধীরে ধীরে আশাবাদী হয়ে উঠছিলেন, তখনই ধাক্কা খেয়েছেন। বারবারই এ ঘটনা ঘটেছে। ওই কমিটির আরেক সদস্য ডেমোক্র্যাট নেতা চার্লস শুমার গত বৃহস্পতিবার বলেন, চলতি মাসের শেষ দিকে তাঁরা এ ব্যাপারে একটি সময় নির্ধারণের চেষ্টা করবেন। ওই সময়ের মধ্যে অভিবাসনব্যবস্থা চূড়ান্ত করবেন। রয়টার্স।