আধিপত্যমুক্ত বিশ্ব গড়ার ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, তাঁর দেশ ‘অসভ্য ইহুদিদের’ ক্রমাগত সামরিক পদক্ষেপের হুমকির সম্মুখীন। একই সঙ্গে পশ্চিমা শক্তিকে ‘শয়তান’ আখ্যা দিয়ে আধিপত্যমুক্ত একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ারও আহ্বান জানিয়েছেন তিনি। গত বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণদানকালে তিনি এসব কথা বলেন।সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ ৩৫ মিনিট বক্তৃতা দেন। বক্তৃতা শেষ করেন উপস্থিত বিশ্বনেতাদের করতালির মধ্য দিয়ে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইসরায়েলের প্রতিনিধিরা তাঁর ভাষণের সময় অনুপস্থিত থাকেন। এর আগের দিন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভাষণ দেন। সেদিন তিনি পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া থেকে ইরানকে প্রতিহত করার অঙ্গীকার করেন।ইরানি প্রেসিডেন্ট ভাষণে নৈতিকতার পরিবর্তে ‘লোভে’ পরিচালিত একটি মলিন বিশ্বের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান টালমাটাল বিশ্ব-পরিস্থিতি ও ইতিহাসের তিক্ত অধ্যায়ের পেছনে প্রধানত দায়ী বিশ্ব নেতৃত্বদানকারী শক্তিগুলোর অব্যবস্থাপনা। ক্ষমতার কেন্দ্রে থাকা স্বঘোষিত এ শক্তিগুলো নিজেদের শয়তানের আস্থাভাজন হিসেবে প্রতিষ্ঠা করেছে।প্রেসিডেন্ট আহমাদিনেজাদ ভাষণে ‘মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কোনো স্থান নেই এবং তাকে ধ্বংস করা হবে’—এ ধরনের কোনো মন্তব্য করেননি। যদিও নিউইয়র্কে গত সোমবার সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছিলেন।তবে ভাষণে তিনি অভিযোগ করেন, আধিপত্যবাদীদের কাছে বিশ্ববাসীকে নতি স্বীকারে চাপ দেওয়া হচ্ছে। ইসরায়েলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অসভ্য ইহুদিদের সামরিক ব্যবস্থা গ্রহণের অব্যাহত হুমকি এই কটু বাস্তবতারই স্পষ্ট উদাহরণ। ইরানি প্রেসিডেন্ট সিরিয়া সরকারকে তাঁর দেশের অস্ত্র-সহায়তার অভিযোগও নাকচ করে দেন। প্রেসিডেন্ট ওবামা গত মঙ্গলবার তাঁর ভাষণে বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে সে জন্য যা প্রয়োজন, তিনি তা করবেন। তিনি বলেন, কূটনৈতিক পন্থায় ইরানের পারমাণবিক সংকট সমাধানের অঢেল সময়ও হাতে নেই। এদিকে সাধারণ পরিষদের অধিবেশনে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা। এদিন আহমাদিনেজাদের বক্তব্যের কড়া জবাব দেবেন বলে বুধবারই অঙ্গীকার করেছেন তিনি। ইরানকে পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নিবৃত্ত করতে তার ওপর অবরোধ আরোপ করে এবং সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে তেহরানকে ওবামা প্রশাসনের আরও সময় দেওয়ারও সমালোচনা করেন নেতানিয়াহু।ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরানকে একটি ‘রেড লাইন’ বেঁধে দিতে প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানান। যাতে ওই সীমা অতিক্রম করলে তার বিরুদ্ধে হামলা চালানো যায়। অবশ্য হোয়াইট হাউস এ ধরনের বক্তব্যে এখন পর্যন্ত সাড়া দেয়নি। রয়টার্স ও এএফপি।