আনন্দ কান্নায় ভাসছে চিলি
‘ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন। তবে যমদূতও পিছু ছাড়েনি। তাঁদের দুজনের সঙ্গেই লড়তে হয়েছে। অবশেষে আমরা ঈশ্বরেরই সান্নিধ্য পেয়েছি। ঈশ্বরের সান্নিধ্যই সর্বশ্রেষ্ঠ। মনেপ্রাণে বিশ্বাস ছিল, ঈশ্বর আমাদের উদ্ধার করবেনই।’ কথাগুলো মারিও সেপুলভেদার। চিলিতে দুর্ঘটনাকবলিত খনি থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় শ্রমিক তিনি। গতকাল বুধবার অন্ধকার খনি থেকে বাইরের আলো-বাতাসে পা রেখে তাঁর প্রথম অভিব্যক্তিই ছিল এ রকম।মারিও সেপুলভেদার ছিলেন দারুণ প্রাণোচ্ছল। তাঁর উচ্ছ্বাস, উচ্ছলতা দেখে বোঝার উপায় ছিল না, এই লোকটিই গত দুই মাস দুই হাজার ৪১ ফুট মাটির নিচে দুঃস্বপ্নে কাটিয়েছেন। চোখের কোনে জমা হওয়া অঝোর ধারাকে চাপা দিতেই কিনা তিনি জোর করে মুখে হাসি এঁকেছেন। সহকর্মীদের মধ্যে রসিক হিসেবে পরিচিত এ মানুষটি চরম এ আবেগের মুহূর্তেও রসিকতা করতে ছাড়লেন না। স্মারক হিসেবে খনির তলদেশ থেকে ছোট্ট থলেতে করে পাথর নিয়ে এসেছেন। থলে থেকে সেই পাথর বের করতেই উপস্থিত সবার মধ্যেই হাসির রোল।অথচ একটু আগেই কিনা কী গম্ভীর পরিবেশের সৃষ্টি হয়েছিল! ফ্লোরেনসিও অ্যাভালোস খনি থেকে বের হয়ে আসার পর চোখের পানি আটকে রাখতে পারেননি কেউ। আবেগে সবাই কেঁদেছেন, কেউ চাপা স্বরে, কেউ হাউমাউ করে। অ্যাভালোসই প্রথম খনির তলদেশ থেকে উদ্ধার হয়েছেন। তাঁকে দেখে স্বজন, উদ্ধারকর্মী, রাষ্ট্রীয় কর্মকর্তা, সাংবাদিক সবাই শিস ধ্বনি আর চিৎকার-চেঁচামেচি করে উল্লাস প্রকাশ করেন।মৃত্যুকূপ থেকে বেরিয়ে এসে অ্যাভালোস প্রথমেই মুক্ত বাতাসে প্রাণভরে নিঃশ্বাস নেন। বুকে জড়িয়ে ধরেন সাত বছরের ছেলেকে। এরপর প্রেসিডেন্ট সিবাস্তিয়ান পিনেরা, পরিবার ও অন্য শ্রমিকদের স্বজনদের সঙ্গে আলিঙ্গন করেন। এ সময় অনেকেই কেঁদে ওঠেন। তাঁদের কান্না দেখে বাকিরাও চোখের পানি ধরে রাখতে পারেননি।ছেলেকে ফিরে পেয়ে কান্না ধরে রাখতে পারেননি অ্যাভালোসের বাবা আলফনসো। ‘এটা বিশাল আনন্দ। আমি খুবই খুশি।’ বলেন আলফনসো। অ্যাভালোসের পরিবার টেলিভিশনের পর্দায় সরাসরি ঐতিহাসিক এ উদ্ধার অভিযান দেখেছেন।চিলির উত্তরাঞ্চলে সোনা ও তামার খনি সান হোসেতে গত ৫ আগস্ট আটকা পড়েন ৩৩ জন শ্রমিক। তাঁদের বেঁচে থাকার বিষয়টি ১২ আগস্ট নিশ্চিত হন দমকল কর্মীরা। এরপর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আধুনিক সরঞ্জাম নিয়ে ৬৯ দিন পর গতকাল শ্রমিকদের উদ্ধার করা হয়। উদ্ধার করা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিশ্বব্যাপী আলোচিত এ উদ্ধার অভিযানের খবর সংগ্রহ করতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দুই হাজারেরও বেশি সাংবাদিক চিলিতে জড়ো হয়েছেন। এ ব্যাপারে দক্ষিণ আমেরিকার টেলিভিশন মহাতারকা ডন ফ্র্যান্সিসকো নাসার ১৯৬৯ সালের প্রথম চন্দ্রাভিযানের কথা উল্লেখ করে বলেছেন, অ্যাপোলো ১১ ফিরে আসার পর অন্য কোনো ঘটনায় গণমাধ্যমের এত আগ্রহ সৃষ্টি হয়নি।’ এএফপি।