আনন্দে কাঁদল অস্ট্রেলিয়ার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অং সান সু চির মুক্তিতে কেঁদেছে ইয়াঙ্গুন, কেঁদেছে নেপিডো। এই কান্না ছুঁয়েছে হাজারো মাইল দূরের অস্ট্রেলিয়াকেও। সু চির মুক্তির দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি এই বহুদূর দেশের মানুষও। গতকাল সোমবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় এসব কথা জানান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।গিলার্ড বলেন, দীর্ঘদিনের গৃহবন্দিত্ব থেকে সু চির মুক্তি পাওয়ার মুহূর্তটি ছিল খুবই আবেগঘন। টেলিভিশনে এই দৃশ্য দেখে কেঁদে ফেলে অস্ট্রেলিয়ার মানুষ।অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘সু চিকে মুক্ত হতে দেখে তাঁর সমর্থকেরা যেমন উল্লাসে মেতেছে, তেমনি অস্ট্রেলীয়রাও আনন্দ করেছে। আনন্দে বহু অস্ট্রেলীয়র চোখ ভিজেছে, বাকরুদ্ধ হয়ে গেছে অনেকে।’ অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর দেশের সরকার ও মানুষ আশা করছে, একদিন মিয়ানমারের জনগণ সু চির দীর্ঘ সংগ্রামের ফল দেখতে পাবে। এমন একদিন আসবে, যখন মিয়ানমারে গণতন্ত্র ও ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘এটা অবশ্যই সু চির মুক্তি উদ্যাপনের সময়। একই সঙ্গে এটিও মনে রাখতে হবে, মিয়ানমারে গণতন্ত্র ও স্বাধীনতা অর্জনে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।’মিয়ানমারের সামরিক জান্তার অধীনে এখনো প্রায় দুই হাজার রাজনীতিবিদ বন্দী রয়েছেন। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী সেসব বন্দীকে মুক্তি দিতে জান্তার কাছে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আবারও মিয়ানমারের সরকারের কাছে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি, যাতে মিয়ানমারের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনের ন্যূনতম অধিকারটুকু ফিরে পায়।’ এএফপি।