আনন্দে কেঁদে ফেলেন ওবামা
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর আনন্দে কেঁদে ফেলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত বৃহস্পতিবার ওবামার প্রচারণা শিবিরের প্রকাশিত একটি ভিডিওচিত্রে তাঁকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়। তিনি তাঁর সমর্থক ও নির্বাচনী প্রচারণা শিবিরের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বৃহস্পতিবার ওই ভিডিও ছাড়া হয়েছে। সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ইউটিউবে বিশ্ববাসী ওই দৃশ্য দেখেছে। প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর বুধবার ওবামা তাঁর প্রচারণার সদর দপ্তর শিকাগোতে বক্তৃতা দেন। বক্তৃতার একপর্যায়ে তিনি আনন্দে কেঁদে ফেলেন। বক্তৃতায় ওবামা প্রচারণা শিবিরের তরুণ কর্মী ও স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের ধন্যবাদ জানান।এ সময় ওবামা বলেন, ‘আমি নিশ্চিত যে আপনারা সবাই এমন কাজ করেছেন, যা সত্যি বিস্ময়কর। এটি এমনই, যা আমি নিজেও করতে পারিনি।’ ওবামা উপস্থিত তরুণ কর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রতিশ্রুতি দেন, তিনি এখন ‘পূর্ণোদ্যমে’ তাঁর নিজ দায়িত্বে ফিরে যাবেন।কান্নাভেজা কণ্ঠে ওবামা বলেন, ‘আপনারা যা করেছেন তাতে বোঝা যায়, আমি গুরুত্বপূর্ণ কাজই করছি। এর আগে গত সোমবার রাতে আইওয়াতে সর্বশেষ প্রচারাভিযান চালানোর সময় ওবামাকে আরেকবার আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। ফ্লোরিডাতেও জয়ের দাবি: ভোটের হিসাব-নিকাশে দোদুল্যমান সর্বশেষ অঙ্গরাজ্য ফ্লোরিডায়ও ডেমোক্র্যাটদের জয় হয়েছে বলে দাবি করেছেন ওবামার শীর্ষ সহযোগী এবং এ রাজ্যের ডেমোক্র্যাট পার্টির প্রধান রড স্মিথ। রয়টার্স, এএফপি।