আনন্দের আলোতে দুঃখের ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পাহাড়ি এলাকা ম্যাকলিওড গাঁজের মন্দিরে গতকাল মঙ্গলবার তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার ৭৫তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে মন্দিরে জড়ো হওয়া পাঁচ হাজার ভক্তের উদ্দেশে ভাষণ দেন তিনি। জন্মদিনের আনন্দের আলোতে দুঃখের ছায়াও ছিল। জন্মভূমি তিব্বত থেকে নির্বাসিত অবস্থায় এই দিনটি উদ্যাপন করতে হয়েছে তাঁকে। ইউরোপ-অস্ট্রেলিয়াসহ বিশ্বজুড়ে দিনটি উদ্যাপনে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।চীনা শাসনের বিরুদ্ধে বিক্ষোভে ব্যর্থ হয়ে তিব্বত থেকে পালিয়ে ১৯৫৯ সাল থেকে তিনি ভারতে বসবাস করছেন। চীনের শাসক শ্রেণী দালাই লামাকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করে আসছে। দেশবাসীর কথা স্মরণ করে দালাই লামা বলেন, শাসক শ্রেণীর দমন-নিপীড়নের ভয়ে দেশের মানুষ তাঁর জন্মদিন উদ্যাপন করতে পারছে না। বিষয়টি তাঁকে কষ্ট দিচ্ছে।উত্তর আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ায় তিব্বতের অধিবাসীরা দালাই লামার জন্মদিন উপলক্ষে উৎসবের আয়োজন করেন। ইন্টারনেটের মাধ্যমেও অনেকে এই আধ্যাত্মিক নেতাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান। গান-বাজনা ও উৎসবের মধ্যেও তিব্বতের নির্বাসিত জনগোষ্ঠী ভবিষ্যতের কঠিন পরিস্থিতির কথাটি বারবার সামনে নিয়ে আসেন। বিশেষ করে দালাই লামার স্থানে নতুন নেতার অভিষেকের বিষয়টিও উঠে আসে এ সময়।নেপালের রাজধানী কাঠমান্ডুতে দালাই লামার জন্মদিন উদ্যাপনের সময় প্রায় ২০০ নির্বাসিত তিব্বতিকে আটক করে পুলিশ। পুলিশের জানায়, শুধু জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছে। নির্বাসিত তিব্বতিরা জানান, পুলিশ মানবাধিকার লঙ্ঘন করে তাঁদের সঙ্গীদের আটক করেছে। চীনের চাপের মুখে প্রায়ই সেখানকার তিব্বতিদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেয় নেপালি কর্তৃপক্ষ। এএফপি।