আনা ফ্রাঙ্ককে নিয়ে প্রেমকাহিনি, ক্ষুব্ধ ঘনিষ্ঠ স্বজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়বিশ্বযুদ্ধের সময় হূদয়স্পর্শী দিনলিপি লিখে অমর হয়ে আছে কৈশোরেই ঝরে যাওয়া জার্মান কিশোরী আনা ফ্রাঙ্ক। মৃত্যুর ৬৫ বছর পরও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি সে আলোচনায় এসেছে একটি বিতর্কের কারণে। আনার সঙ্গে এক কিশোরের প্রেমকে উপজীব্য করে একজন ব্রিটিশ লেখক এমন এক উপন্যাস লিখেছেন, যা আনার এক ঘনিষ্ঠ স্বজনের প্রচণ্ড ক্ষোভের কারণ হয়েছে। ইসরায়েলি পত্রিকা হারেৎজ -এ প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা যায়। জনপ্রিয় ব্রিটিশ লেখক শ্যারন ডগার ‘অ্যানেক্সড’ নামে এই উপন্যাস লেখেন। এতে আনাকে দিয়ে একটি কাল্পনিক দিনলিপি লেখা হয়েছে কিশোর পিটার ভ্যান পেলসকে উদ্দেশ করে। নাৎসিরা আমস্টারডামে এলে তাঁদের ভয়ে ফ্রাঙ্ক পরিবার যে বাড়িতে আত্মগোপন করে, একই ভবনে থাকত পিটার। দিনিলিপির মাধ্যমে বইটিতে আনার সঙ্গে পিটারের প্রেমের সরস গল্প ফাঁদা হয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বইটির এই কাহিনি পড়ে প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন আনার একমাত্র জীবিত স্বজন বাডি এলিয়াস। তিনি আনার আপন চাচাতো ভাই। বর্তমানে তিনি সুইজারল্যান্ডে বাস করেন। দ্য সানডে টাইমস-এ দেওয়া সাক্ষাৎকারে ডগারের কঠোর সমালোচনা করে এলিয়াস বলেন, বইয়ে দুই কিশোর-কিশোরীর কাহিনি তিনি সঠিকভাবে তুলে ধরেননি। এলিয়াস বলেন, ‘বইয়ে আনাকে যেভাবে তুলে ধরা হয়েছে, সে তা ছিল না। তাদের ভয়াবহ পরিণতি নিয়ে কল্পকাহিনি ফাঁদা যায় বলে আমি মনে করি না।’ তিনি বলেন, ‘আনার সঙ্গে পিটারের কী সম্পর্ক ছিল, তা আমি আনার বাবা অটো ফ্রাঙ্কের কাছে শুনেছি। আরে, পিটার তো ছিল এক লাজুক ছেলে। বইতে পিটারকে সেভাবে তুলে ধরা হয়নি।’ অটো ফ্রাঙ্ক মারা যান ১৯৮০ সালে। অনেকের বিশ্বাস, যাতে বেফাঁস কিছু প্রকাশ না হয়, এ জন্য তিনি মেয়ের দিনলিপি থেকে কিছু অংশ সরিয়ে ফেলেছিলেন। পিটিআই।