আনানের পরিকল্পনা ব্যর্থ হলে সব বিকল্প বিবেচনা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার সমস্যা সমাধানে কফি আনানের পরিকল্পনা ব্যর্থ হলে সম্ভাব্য সব বিকল্প বিবেচনা করা হবে।এদিকে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে শিশুদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। গত সোমবারও সিরিয়ায় সেনাবাহিনীর হামলায় অন্তত ১০৬ জন নিহত হয়েছে।যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হেগ গত সোমবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্যদের প্রতি দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমরা চাই না, কফি আনানের সিরিয়া পরিকল্পনা ব্যর্থ হোক। কিন্তু আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও যদি তা ব্যর্থ হয়, তাহলে সিরিয়া সমস্যা সমাধানে আমাদের বিকল্প অন্য সব উপায়ের কথা বিবেচনা করতে হবে।’ তিনি বলেন, প্রেসিডেন্ট আসাদের বাহিনী ও সমর্থক মিলিশিয়ারা দেশে ‘জঘন্য অপরাধ’ চালিয়ে যাচ্ছে। সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে নারী ও শিশুদের নিহত হওয়ার বিষয় উল্লেখ করে হেগ বলেন, প্রেসিডেন্ট আসাদ ‘নব্বইয়ের দশকে বলকানে সংঘটিত ভীতিকর স্মৃতি’ মনে করিয়ে দিচ্ছেন।গতকাল মঙ্গলবার প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে অভিযোগ করা হয়, সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। প্রতিবেদনে সিরীয় সরকারের এই কাজকে জঘন্য অপরাধের বার্ষিক ‘লজ্জার তালিকার’ অন্যতম একটি বলে উল্লেখ করা হয়। শুধু মানবঢাল হিসেবে ব্যবহার নয়, শিশুদের ওপর নির্যাতন ও জোর করে যুদ্ধ করানোর অভিযোগও তোলা হয়েছে ওই প্রতিবেদনে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের হিসাবমতে, সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত এক হাজার ২০০ শিশু নিহত হয়েছে।জাতিসংঘের বিশেষ দূত রাধিকা কুমারাস্বামী বলেন, ‘সিরিয়ায় বালক-বালিকাদের আটক করে নির্যাতন ও হত্যা করা হচ্ছে এবং মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। শিশুদের প্রতি এমন বর্বরতা আমি কখনো দেখিনি।’প্রতিবেদনে বলা হয়, গত ৯ মার্চ ইদলিব প্রদেশে অভিযানের সময় সেনাসদস্যদের ঘিরে রাখার জন্য কয়েক ডজন শিশুকে ব্যবহার করা হয়। এএফপি, টেলিগ্রাফ।