আনানের শান্তি পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় সহিংসতা বন্ধে জাতিসংঘের বিশেষ দূত কফি আনানের শান্তি পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু করতে বিক্ষোভস্থল থেকে সেনা প্রত্যাহারের দিনে গতকাল মঙ্গলবার সরকারি বাহিনীর অভিযানে ১৭ জন নিহত হয়েছে। সরকারি বাহিনী বিভিন্ন শহরে শক্তিও বৃদ্ধি করেছে। সিরিয়া ছেড়ে তুরস্কে আশ্রয় নেওয়া শরণার্থীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সিরীয় বাহিনী। এতে চার শরণার্থী ও দুজন তুর্কি আহত হয়েছেন। সোমবার লেবানন সীমান্তে সিরীয় বাহিনীর গুলিতে একজন ক্যামেরাম্যান নিহত হয়েছেন। এদিকে তুরস্কে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীদের দেখতে কফি আনান গতকাল সে দেশ সফর করেছেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লাম গতকাল রাশিয়ার রাজধানী মস্কোতে দাবি করেন, কোনো কোনো এলাকা থেকে সেনা ও অস্ত্র প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। তবে চূড়ান্ত অস্ত্রবিরতির জন্য তিনি কফি আনানের কাছে এই নিশ্চয়তা চেয়েছেন যে সশস্ত্র বিদ্রোহীরা আর সরকারি বাহিনীর ওপর হামলা চালাবে না।এদিকে আনানের একজন মুখপাত্র জানিয়েছেন, কফি আনান মঙ্গলবার রাতে সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে চিঠি পাঠাবেন।যুক্তরাজ্যভিত্তিক সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অভিযোগ করেছে, শান্তি পরিকল্পনা বাস্তবায়ন শুরুর সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালেও গতকাল সরকারি বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পো প্রদেশের মারেয়া ও হাওর আল নার এলাকায় অভিযান চালিয়েছে। হোমস শহরে খালদিয়েহ এলাকায় সরকারি বাহিনীর মর্টার হামলায় ছয়জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। পার্শ্ববর্তী বাব তদমুর এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। হামা প্রদেশের কেফার জেইতা এলাকায় সেনাসদস্যদের গুলিতে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে হাসাকেহ প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ছয় সেনা নিহত হয়।জাতিসংঘের বিশেষ দূত ও সাবেক মহাসচিব আনানের শান্তি পরিকল্পনা অনুযায়ী গতকাল সিরিয়ার বিভিন্ন শহর থেকে সরকারি সেনা ও ভারী অস্ত্র প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। কিন্তু সরকারবিরোধীদের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট বাশার আল আসাদ সেনা প্রত্যাহার তো করেনইনি উল্টো হোমস প্রদেশের রাস্তান এলাকায় নতুন করে সেনা মোতায়েন করেছেন। সিরিয়ার অভ্যন্তরে সরকারবিরোধী প্রধান গোষ্ঠী স্থানীয় কো-অর্ডিনেশন কমিটি অভিযোগ করেছে, রাস্তান এলাকায় ‘রাতভর সেনা সমাবেশ ঘটিয়ে শক্তি বৃদ্ধি করেছে সরকারি বাহিনী।’ নিরপেক্ষ কোনো সূত্র থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগের খবর নিশ্চিত হওয়া যায়নি।সিরিয়ার গুলিতে আহত শরণার্থীদের দেখতে আনান গতকাল তুরস্কে যান। গুলি করার ঘটনায় তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, ‘এটি সীমান্ত আইনের “সুস্পষ্ট লঙ্ঘন”। আমরা এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।’ এদিকে লেবানন সীমান্তে ক্যামেরাম্যান নিহত হওয়ার ঘটনায় দেশটি এর সুষ্ঠু তদন্ত দাবি করেছে। এএফপি, এপি।