জাতিসংঘের বিশেষ দূত কফি আনানের শান্তি পরিকল্পনা গ্রহণ করেছে সিরিয়া। আনানের মুখপাত্র গতকাল মঙ্গলবার এ কথা জানান। তবে সিরিয়ার সরকারবিরোধীরা আনানের এই উদ্যোগ নাকচ করে দিয়েছেন।সিরিয়ায় শান্তি পরিকল্পনায় সমর্থন পেতে আনান গতকাল মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর আনানের মুখপাত্র আহমেদ ফাউজি শান্তি পরিকল্পনা গ্রহণ করাকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন। তবে তিনি মন্তব্য করেন, এর সফলতা নির্ভর করবে ওই শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ওপর।ফাউজি জানান, আনানের শান্তি পরিকল্পনা গ্রহণ করার আগে সিরিয়া জাতিসংঘের সাবেক এই মহাসচিবের দেওয়া ছয় দফা গ্রহণ করে। তিনি জানান, আনানের যুগ্ম বিশেষ দূতের কাছে লেখা এক চিঠিতে সিরিয়া সরকার ওই ছয় দফা মেনে নেওয়ার কথা জানায়।আনানের শান্তি পরিকল্পনায় জাতিসংঘের তত্ত্বাবধানে সহিংসতা বন্ধের কথা উল্লেখ করা হয়েছে। এতে সিরিয়া সরকারকে দেশটির বিক্ষুব্ধ এলাকাগুলো থেকে সেনা ও ভারী অস্ত্র সরিয়ে নিতে বলা হয়েছে। শুরুতে প্রতিদিন অন্তত দুই ঘণ্টা অস্ত্রবিরতি এবং গোলোযোগপূর্ণ সব জায়গায় প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।আনানের এই উদ্যোগ প্রত্যাখ্যান করে সিরিয়ার সরকারবিরোধীরা অভিযোগ করে, এই উদ্যোগ বাশার সরকারকে আরও দমন-পীড়নের সুযোগ করে দিয়েছে। সরকার এর আগেও সহিংসতা বন্ধে অনেকবার অঙ্গীকার করেছিল। কিন্তু প্রতিবারই তা ভঙ্গ করেছে।শান্তি পরিকল্পনা গ্রহণ করার পর আনান সিরিয়া সরকারের কাছে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি শান্তি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি আহ্বান জানান। রাশিয়া সফরের পর চীন সফরে গেলেন আনান। এই দুটি দেশই সিরিয়ার অন্যতম ঘনিষ্ঠ বলে পরিচিত। সিরিয়ায় সহিংসতা বন্ধে দেশটির সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুবার প্রস্তাব উত্থাপন করা হলে চীন ও রাশিয়ার বিরোধিতায় তা নাকচ হয়ে যায়। আনানের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী এ দুই সদস্য রাষ্ট্রের সমর্থন প্রয়োজন।গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই জানান, সিরিয়ার ব্যাপারে আনানের উদ্যোগকে স্বাগত জানাবে বেইজিং। চীন আশা করে, সিরিয়া বর্তমান পরিস্থিতির সমাধান হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সঠিক উপায়ে।পর্যবেক্ষকদের মতে, গত বছরের মার্চ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর সহিংসতায় এ পর্যন্ত নয় হাজার ১০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। এএফপি ও বিবিসি।