প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরি এক অনলাইন অডিও বার্তায় আফগান তালেবানের নতুন প্রধান হায়বাতুল্লাহ আখুন্দজাদার প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। গত মাসে মার্কিন ড্রোন হামলায় আগের নেতা মোল্লা মানসুর নিহত হওয়ার পর আখুন্দজাদা তালেবানের নতুন নেতা হন। ২০১১ সালে মার্কিন কমান্ডো হামলায় ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়েদা নেতা জাওয়াহিরি পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত অঞ্চলে লুকিয়ে আছেন বলে মনে করা হয়। ১৪ মিনিটের রেকর্ড করা বার্তায় জাওয়াহিরি পরিচয়ে বলা হয়, ‘জিহাদি সংগঠন আল-কায়েদার প্রধান হিসেবে আমি আবারও তালেবানের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করছি।’ তবে এ বার্তাটি সত্যিই জাওয়াহিরির কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
রয়টার্স