আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে চতুর্থ দফায় প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও গত রোববার এক বিশাল সমাবেশে তিনি ভাষণ দিয়েছেন।একটানা ১৩ বছর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন চাভেজ। ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত তিন দফায় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি। ২০০৯ সালে এক গণভোটের মাধ্যমে দেশটির সংবিধানে প্রেসিডেন্টের মেয়াদকাল ছয় বছর করা হয়। আগামী ৭ অক্টোবরের নির্বাচনে তিনি জয়ী হতে পারলে পরবর্তী ছয় বছরের জন্য তিনি রাষ্ট্রক্ষমতার অধিকারী হবেন। পুরো মেয়াদে দায়িত্ব পালনে সম্ভব হলে একটানা ১৯ বছর পর্যন্ত ভেনেজুয়েলা শাসন করার অনন্য রেকর্ড গড়বেন চাভেজ।তবে গত এক বছর ক্যানসারের সঙ্গে লড়াই করতে গিয়ে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছেন চাভেজ। এর সঙ্গে এবার তাঁকে ভোটের লড়াইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে। প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরিক ক্যাপরিলেস ইতিমধ্যে চাভেজকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। হেনরিকও রোববার আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ব্রাজিল সীমান্তসংলগ্ন দেশের কুমারাকাপে জনসভা করেন তিনি।সমর্থকদের উদ্দেশে হেনরিক বলেন, ‘আমরা আরও ভালো অবস্থায় যাব, এর কারণ ভেনেজুয়েলা ভালো থাকার উপযুক্ত।’ ভেনেজুয়েলার কারাবোবো প্রদেশের মারিয়ারা শহরে হাজার হাজার মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে চাভেজ দাবি করেন, তিনি সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং দেশকে আবারও নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি আছেন। তিনি বলেন, ‘এক কোটি ভোট পাওয়ার জন্য আমরা দিনরাত কাজ করে যাব এবং ধনিক শ্রেণীকে আরও একবার আমরা ধূলিস্যাৎ করে দেব।’সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে আভাস মিলেছে, চাভেজ স্পষ্টতই ভোটের লড়াইয়ে এগিয়ে রয়েছেন। তবে হেনরিক ক্যাপরিলেস সিদ্ধান্তহীন ভোটারদের দিকে তাকিয়ে আছেন। ওই ভোটারদের সংখ্যা মোট ভোটারের প্রায় ৩৫ শতাংশ। তাদের সমর্থন নিয়েই চূড়ান্ত লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এএফপি।