আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ছাড়লেন দালাই লামা
তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা (৭৫) গত রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা ছেড়ে দিয়েছেন। তিব্বতের নির্বাসিত সরকারের সংবিধানের সংশোধনীতে তাঁর স্বাক্ষরের মাধ্যমে কাজটি সম্পন্ন হয়। তিব্বতি পার্লামেন্টের মুখপাত্র তেনজিং নোরবু এ কথা জানান।তেনজিং নোরবু বলেন, সংবিধানে যে সংশোধনী আনা হয়, এর মধ্যে বেশির ভাগই ছিল দালাই লামার রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতাসংক্রান্ত। এই সংশোধনী নিয়ে তিব্বতি পার্লামেন্টে তিন দিন বিতর্ক চলে। পরে সংশোধনী পার্লামেন্টে অনুমোদনের পর দালাই লামার কাছে পাঠানো হলে তিনি এতে স্বাক্ষর করেন।টিবেটান চার্টারের (সংবিধান) সংশোধনী পার্লামেন্টে অনুমোদনের পর দালাই লামা এখন কেবল দেশের আধ্যাত্মিক নেতা হিসেবে যত দিন খুশি থাকতে পারবেন। এর আগে তিব্বতি সরকারের ক্ষমতা যৌথভাবে দালাই লামা ও সেন্ট্রাল টিবেটান অ্যাডমিনিস্ট্রেশনের (সিটিএ) হাতে ছিল। এখন থেকে সব ক্ষমতা সিটিএর হাতে থাকবে।২৬ থেকে ২৮ মে পর্যন্ত চলা পার্লামেন্টের বিশেষ অধিবেশনে একটি নতুন প্রস্তাবনা এবং দালাই লামার ওপর অধিকার ও দায়দায়িত্ব অর্পণের কিছু বিষয় অনুমোদন করা হয়। সংবিধানের অনুচ্ছেদ ১ অনুযায়ী তা অনুমোদন করা হয়। পিটিআই।