মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ের লড়াই থেকে সরে দাঁড়ালেন। ভার্জিনিয়ার আর্লিংটনের একটি হোটেলে সমর্থকদের উদ্দেশ্যে গত বুধবার দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘আজ (বুধবার) আমি প্রচারণা বন্ধ করে দিচ্ছি। কিন্তু প্রচারণা বন্ধ করার অর্থ এই নয় যে একজন নাগরিক হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করা থেকে নিজেকে বিরত রাখব।’প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেও গিংরিচের কাঁধে এখন ৪০ লাখ ডলার ঋণের বোঝা। ধনাঢ্য মিট রমনির সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তাঁকে এই ঋণ করতে হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।এদিকে গিংরিচ আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার একদিন আগে মঙ্গলবার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাচনী প্রচারণা কমিটি একটি নতুন ভিডিও ক্লিপ ছেড়েছে। এতে দেখা যায়, বিভিন্ন জাতীয় ইস্যুতে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির (এখানো আনুষ্ঠানিক মনোনয়ন পাননি) নীতির কড়া সমালোচনা করছেন গিংরিচ।প্রার্থিতার লড়াই থেকে নিজেকে প্রত্যাহারের পর নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে গিংরিচ বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কট্টর বামপন্থী প্রেসিডেন্ট ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনি—এই দুজনের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে হবে। তিনি বলেন, ওবামার তুলনায় রমনি রক্ষণশীলদের কাছে গ্রহণযোগ্য ।গিংরিচ বলেন, ‘আমি মাঝেমধ্যে নিজেকেই জিজ্ঞেস করেছি, রমনি কি যথেষ্ট রক্ষণশীল? আমার উত্তর খুবই পরিষ্কার, বারাক ওবামার সঙ্গে তুলনা করতে হবে।’ তিনি বলেন, এটি রোনাল্ড রিগ্যান (রিপাবলিকান দলীয় সাবেক প্রেসিডেন্ট) এবং মিট রমনির দুজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার বিষয় নয়। বাছাইটা হবে রমনি এবং একজন কট্টর বামপন্থী প্রেসিডেন্টের মধ্যে।প্রতিনিধি পরিষদের সাবেক এই স্পিকার বলেন, কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি ওবামার চেয়ে অন্তত ৬০ হাজারেরও বেশি গুণ ভালো জানেন রমনি।গিংরিচ সরে দাঁড়ানোর পর এখন রমনির একমাত্র প্রতিদ্বন্দ্বী রন পল। ম্যাসাচুসেটসের সাবেক গর্ভনর মিট রমনির রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করার জন্য চলতি মে মাসের মধ্যে ১ হাজার ১৪৪ জন প্রতিনিধির সমর্থন প্রয়োজন। হোয়াইট হাউসের অধিকর্তা হওয়ার দৌড়ে নিউট গিংরিচের প্রচেষ্টার পুরোটাই ছিল ঘটনাবহুল। নিজের প্রার্থিতা ঘোষণার পর ২০১১ সালের গ্রীষ্মে তাঁর প্রচারণা দলের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা তাঁর পক্ষ ত্যাগ করেন। কিন্তু নির্বাচনী বিতর্কে ধারাবাহিকভাবে ভালো করার পর আবারও আলোচনায় চলে আসেন গিংরিচ। এর ফলে গত জানুয়ারি মাসে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রাইমারিতে তিনি জয়লাভ করেন। এ ছাড়া তাঁর নিজ রাজ্য জর্জিয়ার প্রাইমারিতেও জয়ী হন। কিন্তু নির্বাচনী প্রচারণার খরচ জোগাতে রমনির মতো বিপুল অর্থ সংগ্রহে ব্যর্থ হন। তবে রিপাবলিকান দলের অতি রক্ষণশীল ভোটারদের সমর্থন আদায়ে সক্ষম হয়েছিলেন তিনি। বিবিসি, এপি।