আনোয়ার আওলাকিকে জীবিত বা মৃত ধরার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের কৌঁসুলিরা জঙ্গি নেতা আনোয়ার আল আওলাকিকে জীবিত বা মৃত অবস্থায় ধরার নির্দেশ জারি করেছেন। বিদেশি নাগরিকদের হত্যার প্ররোচনার অভিযোগে করা মামলার শুনানিতে আদালতে হাজিরা না দেওয়ায় গত শনিবার এই আদেশ জারি করা হয়। ইয়েমেনের আদালত গত মঙ্গলবার আওলাকির বিচার শুরু করেন। ইয়েমেনের আইন অনুযায়ী এমন নির্দেশ জারি করার আগে অপরাধীদের আদালতে হাজির হওয়ার জন্য সময় দেওয়া হয়। আওলাকি ও ওথম্যানের বিরুদ্ধে এই নির্দেশ জারির আগে তাঁদের আদালতের শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শুনানিতে হাজির না হওয়ায় দুজনকে জীবিত বা মৃত ধরার নির্দেশ জারি করা হয়।গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রগামী পণ্যবাহী বিমানে বিস্ফোরকভর্তি প্যাকেট পাঠানোর ঘটনায় আওলাকি জড়িত বলে মনে করে ওয়াশিংটন। তিনি ইয়েমেনের দক্ষিণাঞ্চলের কোনো প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আওলাকিকে ধরার বা হত্যার জন্য সিআইএকে অনুমোদন দিয়েছে। আওলাকি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। পরে তিনি ইয়েমেনের নাগরিকত্ব গ্রহণ করেন। তাঁকে আল-কায়েদার শীর্ষস্থানীয় নেতাদের একজন বলে মনে করা হয়। রয়টার্স।