আনোয়ার ইব্রাহিমের প্রতিই জনসমর্থন বেশি
মালয়েশিয়ায় সর্বশেষ জনমত জরিপের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী নাজিব রাজাকের তুলনায় বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের প্রতি জনসমর্থন বেশি রয়েছে। দেশটিতে বহুল প্রত্যাশিত নির্বাচন আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। জরিপে অংশগ্রহণকারী ৪৩ শতাংশের বেশি নাগরিক প্রধানমন্ত্রী পদে ইব্রাহিমকে পছন্দ করেন। অপরদিকে, রাজাকের পক্ষে সমর্থন দিয়েছেন ৩৯ শতাংশ নাগরিক। ৪২ শতাংশ নাগরিক বিরোধী দলের নির্বাচনী ইশতেহারের পক্ষে সমর্থন জানিয়েছেন। আর ক্ষমতাসীন জোটের প্রতি জরিপে ৩৬ শতাংশ সমর্থন পড়েছে। ২২ শতাংশ নাগরিক কোনো দলের পক্ষে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন। ক্ষমতাসীন জোটের প্রতি গত ৫৬ বছরের মধ্যে সবচেয়ে বড় হুমকি ঠেকানোর চেষ্টা করছেন নাজিব। মালয় বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশনস ওই জরিপের ফলাফল গত বৃহস্পতিবার প্রকাশ করেছে। ওই গবেষণাকেন্দ্রের পরিচালক রেজোয়ান ওথমান বলেন, জরিপে দুই দলের অবস্থানের পার্থক্য কম। জনসমর্থন বিবেচনায় বিরোধীরা এগিয়ে আছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মতামত জানানো থেকে বিরত ছিল নাগরিকদের বড় একটি অংশ। জরিপটি চলতি মাসের শুরুতেই পরিচালনা করা হয় এবং এতে অন্তত এক হাজার ৪০০ নাগরিক অংশ নেন। এএফপি।