রাশিয়ার সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়া। আবার তারা নিজেদের স্বাধীনতারও ঘোষণা দিয়েছে। এই অবস্থায় আগামীকাল রোববার গণভোট হতে যাচ্ছে ক্রিমিয়ায়। তারা ইউক্রেনের সঙ্গে থাকবে, নাকি রাশিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে—এ প্রশ্নে মতামত জানাবে ইউক্রেনের মানুষ। তারা রাশিয়ার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিলে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো সমস্যায় পড়বে কি না, তা নিয়ে এখন চলছে বিশ্লেষণ।
এদিকে, ক্রিমিয়াকে ঘিরে এখন মুখোমুখি অবস্থানে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র, জার্মানিসহ অনেকে দেশের ক্রিমিয়া রাশিয়ার হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু রাশিয়ার দাবি, আন্তর্জাতিক আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল। তারা ক্রিমিয়ায় হস্তক্ষেপ করছে না।
গণভোটের রায় নিয়ে ক্রিমিয়া রাশিয়ার সঙ্গে যুক্ত হলে তাতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে কি না—এ বিষয়ে অস্ট্রিয়ার লিনজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগের পরিচালক সিগমার স্ট্যাডলমিয়ার বলেন, ‘আন্তর্জাতিক আইনে এর সমাধান নেই। আইনে দুটি সাংঘর্ষিক নীতি রয়েছে। একটি হলো, কার সঙ্গে থাকবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের রয়েছে। অপরটি হলো, যেকোনো রাষ্ট্রের অখণ্ডতার অধিকার রয়েছে।’ স্ট্যাডলমিয়ার মতে, ক্রিমিয়ায় কসোভোর ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।
ক্রিমিয়ার পার্লামেন্ট ১১ মার্চ নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। ক্রিমিয়ার রাশিয়াপন্থী পার্লামেন্ট জানায়, ‘জাতিসংঘের সনদ ও জনগণের ইচ্ছা প্রকাশের অধিকার সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক আইন মেনেই স্বাধীনতা ঘোষণা করা হয়েছে।
এখন ক্রিমিয়া কসোভোর ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) একটি মতামতও উদাহরণ হিসেবে তুলে ধরতে পারে। আইসিজে বলেছিল, ‘কসোভোর স্বাধীনতা ঘোষণায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়নি।’
অন্যদিকে, আন্তর্জাতিক আইন ছাড়াও নিজের অখণ্ডতার সুরক্ষায় ‘বুদাপেস্ট সমঝোতা স্মারকের’ প্রসঙ্গ তুলতে পারে ইউক্রেন। ১৯৯৪ সালে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য স্বাক্ষরিত ওই স্মারকে ইউক্রেনের বর্তমান সীমানা ধরে তার স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা দেওয়া হয়। এর বিনিময়ে ইউক্রেন তার সোভিয়েত যুগের সব রাসায়নিক অস্ত্র ধ্বংসে রাজি হয়। এএফপি।