তুরস্কের যুদ্ধবিমান সিরিয়া ভূপাতিত করার ঘটনায় আঙ্কারা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। ন্যাটো এ আহ্বানে সাড়া দিয়েছে। কাল মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।আন্তর্জাতিক আকাশসীমায় যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে, তুরস্ক সরকার এমনটা নিশ্চিত হওয়ার পরই ন্যাটো বৈঠকের ডাক দিয়েছে। এর ফলে ওই অঞ্চলে চরম উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুটোগলু গতকাল রোববার টিআরটি টেলিভিশনকে বলেন, ‘সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সিরিয়া থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক আকাশসীমায় আমাদের যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।’ তিনি বলেন, ‘বিমানটি সিরিয়ার প্রতি কোনো শত্রুতা প্রদর্শন করেনি। ক্ষণিকের জন্য সিরিয়া আকাশসীমা লঙ্ঘনের প্রায় ১৫ মিনিট পর এটিকে গুলি করে ভূপাতিত করা হয়।’মন্ত্রী বলেন, বিমানটি ভূপাতিত করার আগে সিরিয়ার পক্ষ থেকে কোনো ধরনের সতর্কবার্তা জানানো হয়নি। বিমানে কোনো অস্ত্র ছিল না। প্রশিক্ষণের অংশ হিসেবে এটি আকাশে উড়ছিল। তা ছাড়া এটি রাডার-ব্যবস্থার পরীক্ষা নিচ্ছিল। তিনি বলেন, সিরিয়া ভালো করেই জানত যে এটি তুরস্কের যুদ্ধবিমান এবং এটির আকাশে ওড়ার উদ্দেশ্যও তারা জানত।ন্যাটোর মুখপাত্র ওয়ানা লুনজেসকু গতকাল বলেছেন, ‘তুরস্ক পরামর্শের অনুরোধ জানিয়েছে। ন্যাটো চুক্তির অনুচ্ছেদ-৪ অনুযায়ী, কোনো রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা এ পদক্ষেপ নিতে পারে।’গত শুক্রবার তুর্কি যুদ্ধবিমানটি গুলি করে ভূপাতিত করা হয়। বিমানে দুজন ক্রু ছিলেন। উদ্ধারকারী দল বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে। সিএনএন-তুর্কি টেলিভিশন গতকাল জানিয়েছে, সমুদ্রের ১৩ হাজার মিটার গভীরে বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। তবে এর অবস্থানের কথা উল্লেখ করা হয়নি। তা ছাড়া নিখোঁজ দুই ক্রুর ভাগ্যে কী ঘটেছে, সে সম্পর্কেও কিছু বলা হয়নি।তুরস্ক তাদের বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় থাকার কথা বললেও দামেস্ক বলেছে, আকাশসীমা লঙ্ঘন করায় এফ-৪ ফ্যানটম বিমানটি ভূপাতিত করা হয়েছে।আন্তর্জাতিক আইন অনুযায়ী, একটি দেশের আকাশসীমা এর উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল (২২ দশমিক ২ কিলোমিটার) দূরে পর্যন্ত বিস্তৃত।বিমানটি ভূপাতিত করার ঘটনায় ভীষণ ক্ষুব্ধ তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ঘটনাটি পুরোপুরি পরিষ্কার হওয়া গেলে তুরস্ক সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নিয়ে পার্লামেন্টে অন্য দলগুলোর সঙ্গে তাঁর আলোচনায় বসার কথা রয়েছে।পররাষ্ট্রমন্ত্রী দাভুটোগলু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তুরস্ককে কেউ যেন চ্যালেঞ্জ না জানায়। তিনি বলেন, ‘তুর্কি সামরিক শক্তির পরীক্ষা নেওয়ার সাহস কারোরই দেখানো উচিত নয়। কেউই তুরস্কের নিরাপত্তাকে হুমকি জানাতে পারে না।’একসময় দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু ২০১১ সালের মার্চে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর থেকে সে সম্পর্কের অবনতি ঘটেছে। ন্যাটোর সদস্য তুরস্ক সরকারবিরোধী ও বিদ্রোহীদের ওপর সিরীয় সরকারের দমনপীড়নের কড়া সমালোচনা করে আসছে। এএফপি, বিবিসি ও রয়টার্স।