আন্তর্জাতিক গণমাধ্যমে কাদের মোল্লার ফাঁসির রায়
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন তত্পরতা ও রায়ের সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে বরাবরই গুরুত্বের সঙ্গে পরিবেশিত হয়েছে। আজ মঙ্গলবার কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়ার খবরটির ক্ষেত্রের এর কোনো ব্যতিক্রম হয়নি।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। পরে বাদী ও বিবাদী পক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে মামলা গড়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এ বিভাগই আজ মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স, এএফপিসহ বিবিসি, আল জাজিরা ও ‘দ্য গার্ডিয়ান’-এ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে কাদের মোল্লার ফাঁসির রায়টি।
আজ সকাল থেকেই বিবিসি অনলাইনের শীর্ষ সংবাদ হিসেবে স্থান করে নিয়েছে কাদের মোল্লার ফাঁসির রায়সংক্রান্ত খবরটি। ‘যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির সাজা কাদের মোল্লার’ শীর্ষক শিরোনামের এই সংবাদে বলা হয়েছে, ‘যুদ্ধাপরাধের দায়ে কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায় নাকচ করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট।’ ঢাকার মিরপুরে নৃশংস গণহত্যা পরিচালনার জন্য কাদের মোল্লা যে ‘কসাই’ নামেও অভিহিত হন, সেটাও উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।
আল জাজিরার প্রধান সংবাদ হিসেবেও দেখা যাচ্ছে কাদের মোল্লার রায়টি। প্রতিবেদনটির শিরোনাম, ‘বাংলাদেশের ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড’। ভেতরে বলা হয়েছে, ‘১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় গণহত্যার দায়ে জ্যেষ্ঠ ইসলামপন্থী নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত।’ গত ফেব্রুয়ারিতে কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদ ও তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ সৃষ্টির বিষয়টিও উল্লেখ করা হয়েছে আল জাজিরার এই প্রতিবেদনে। এ ছাড়াও মূল সংবাদটির সঙ্গেই একটি তথ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস, সে সময় জামায়াতে ইসলামীর নেতাদের কর্মকাণ্ড, বর্তমান বিচারকার্য ও পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ট্রাইব্যুনালের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের পর এই রায় দেওয়া হয়েছে।’ রায় ঘোষণার পরপরই জামায়াত-শিবিরের হরতাল ও সহিংসতার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও উঠে এসেছে রয়টার্সের খবরে। প্রায় একই রকমের সংবাদ এসেছে বার্তা সংস্থা এএফপিতেও। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের দেওয়া এই রায়ের ফলে দেশে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং গণজাগরণ মঞ্চের সন্তুষ্টি প্রকাশের কথাও উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ পত্রিকা ‘ইনডিপেনডেন্ট’-এর শিরোনাম ছিল, ‘বাংলাদেশের ইসলামপন্থী নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড।’ শিরোনামের পরেই গুরুত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের এই রায়ের সমালোচকদের বক্তব্যকে। বলা হয়েছে, ‘যাবজ্জীবন কারাদণ্ডের সাজাটা বাড়িয়ে মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্ট। অনেক সমালোচকই বলছেন, এই পদক্ষেপটা নেওয়া হয়েছে তীব্র রাজনৈতিক চাপের মুখে।’
এছাড়া ভারত ও পাকিস্তানের শীর্ষ পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’ ও ‘দ্য ডন’-এর অনলাইনের হোমপেজেই স্থান করে নিয়েছে কাদের মোল্লার ফাঁসির রায়ের খবরটি।