আন্তর্জাতিক গণমাধ্যমে জামায়াতের নিবন্ধনের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক গণমাধ্যম
আন্তর্জাতিক গণমাধ্যম

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের খবরটি গুরুত্বের সঙ্গে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সিএনএন, বিবিসি, আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, এএফপিতে ফলাও করে প্রচারিত হয়েছে খবরটি।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংবাদমাধ্যম সিএনএনের শিরোনাম ছিল ‘ইসলামি দলকে অবৈধ ঘোষণা করল বাংলাদেশের হাইকোর্ট’। এই রায়ের ফলে জামায়াতে ইসলামী যে আগামী নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাল, সেটা উল্লেখ করে দেশের ভবিষ্যত্ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে। সেখানে বলা হয়েছে, ‘এই রায়টির ফলে দক্ষিণ এশিয়ার দেশটিতে নতুন করে সহিংসতা দেখা দিতে পারে।’ এ ছাড়াও ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন ও মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও বিস্তারিত বর্ণনা রয়েছে প্রতিবেদনটিতে।
বিবিসি অনলাইনের এশিয়া অংশে গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে জামায়াতের নিবন্ধন বাতিলের খবরটি। ‘ইসলামপন্থী দল জামায়াতের নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা জারি বাংলাদেশ হাইকোর্টের’ শীর্ষক সংবাদে বলা হয়েছে, ‘জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিলেন, তাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে।’ তবে হাইকোর্টের এই রায়ের পরও জামায়াতে ইসলামী যে এখনো রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়নি, সেটাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। সিএনএনের মতো ভবিষ্যতে সহিংসতার আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিবিসির প্রতিবেদনেও।
বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ছিল, ‘শীর্ষ ইসলামিক দলকে অবৈধ ঘোষণা করল বাংলাদেশের আদালত’। রায় ঘোষণার পরপরই দেশের বিভিন্ন জায়গায় যেসব সহিংসতা ঘটেছে, তা উল্লেখ করেছে রয়টার্স। প্রতিবেদনটিতে রিটকারী ‘ইসলাম বিশেষজ্ঞ’ সাইদ রেজাউল হক চাঁদপুরীকে উদ্ধৃত করা হয়েছে। সেখানে জামায়াতে ইসলামীকে ইসলামের শত্রু আখ্যায়িত করে তিনি বলেছেন, ‘জামায়াত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধের সময়ও তারা গুরুতর সব অপরাধ করেছে।’
পাকিস্তানের ‘ডন’-এর শিরোনাম ছিল, ‘জামায়াতকে অবৈধ ঘোষণা করল বাংলাদেশের আদালত, নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা’। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে জামায়াতে ইসলামীকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এর ফলে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করা যাবে না।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার শিরোনামও ছিল প্রায় একই রকম, ‘জামায়াতকে অবৈধ ঘোষণা বাংলাদেশের আদালতের’। সবগুলো প্রতিবেদনেই জামায়াতে ইসলামীকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বৃহত্তম ইসলামি দল হিসেবে।