যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গর্ভপাত বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনকে অনুদান বন্ধের ঘোষণা দেওয়ার পর পাল্টা ব্যবস্থা নিয়েছে নেদারল্যান্ডস। দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী লিলিয়েন প্লুমেন বলেছেন, জন্মনিয়ন্ত্রণ, গর্ভপাত ও নারীদের শিক্ষা বিষয়ে একটি আন্তর্জাতিক তহবিল গড়ে তোলা হবে।
গর্ভপাতের নিরাপদ পন্থা সম্পর্কে নারীদের সচেতন করতে কাজ করে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ডোনাল্ড ট্রাম্প নারীদের এসব তথ্য জানানোর হার কমিয়ে আনতে চাইছেন। ট্রাম্পের এই নীতি ‘দ্য মেক্সিকো সিটি পলিসি’ বা ‘দ্য গ্লোবাল গ্যাগ রুল’ নামে পরিচিত। প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের নেওয়া প্রথম বড় কিছু পদক্ষেপের মধ্যে গর্ভপাতে অর্থায়নে নিষেধাজ্ঞা একটি। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই নেদারল্যান্ডস আন্তর্জাতিক তহবিল তৈরির ঘোষণা দিল। এ তহবিল থেকে জন্মনিয়ন্ত্রণ, গর্ভপাত ও নারীদের শিক্ষা নিয়ে কাজ
করা বিভিন্ন প্রতিষ্ঠান আর্থিক সহযোগিতা পাবে।
লিলিয়েন প্লুমেন বলেছেন, এই তহবিলকে অবশ্যই বিশ্বের বিভিন্ন সরকার, ব্যবসাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমর্থন দিতে হবে। তাঁর মতে, ট্রাম্পের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে যে আর্থিক শূন্যতা তৈরি হবে, তা পূরণে সবাইকে সচেষ্ট হতে হবে।
মন্ত্রী বলেন, ‘আর্থিক সহায়তা না পেলে এসব ক্ষেত্রে সঠিকভাবে কাজ করতে পারবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। নিষিদ্ধ করে গর্ভপাত ঠেকানো যাবে না। বরং এতে গোপনে গর্ভপাতের সংখ্যা বাড়বে এবং মাতৃমৃত্যুর হারও বেড়ে যাবে।’ এ সময় তিনি মেরি স্টোপস ইন্টারন্যাশনালের দেওয়া পরিসংখ্যান তুলে ধরে বলেন, অর্থায়ন বন্ধ হয়ে গেলে প্রতিদিন ১৪ জন নারীর মৃত্যু হতে পারে।
ট্রাম্পের এই নীতির কঠোর সমালোচনা করেছে নারীদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন। তাদের মতে, এর ফলে অনেক নারী ও শিশুর জীবন ঝুঁকির মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের বেশির ভাগ রিপাবলিকান রাজনীতিবিদ ধর্মীয় কারণ দেখিয়ে এ নীতিকে সমর্থন করছেন।