আন্তর্জাতিক চাপ সত্ত্বেও দমন অভিযানের অঙ্গীকার করেছেন বাশার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারবিরোধীদের ওপর দমন-পীড়ন বন্ধে প্রচণ্ড আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ‘অবিরাম যুদ্ধ’ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গতকাল বুধবার নিরাপত্তাবাহিনীর অভিযানে সিরিয়ায় আরও ৩৪ বেসামরিক লোক নিহত হয়েছে।রক্তপাত বন্ধের কঠিন বার্তা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দাভুতোগলুর দামেস্ক সফরের এক দিন পর গতকাল ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকাও সিরিয়ার দমন অভিযান বন্ধে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁদের প্রতিনিধি ইতিমধ্যে দামেস্ক পৌঁছেছেন। তিনি অন্যদের জন্য সেখানে অপেক্ষা করছেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুলায়েমের সঙ্গে গতকালই তাঁদের বৈঠক করার কথা।মিসরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আমর সিরিয়ায় অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন, দেশটির পরিস্থিতি এমন দিকে ধাবিত হচ্ছে, যেখান থেকে ফিরে আসা সম্ভব হবে না। রক্তপাত বন্ধের উপায় নিয়ে সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে তিনি গতকাল দামেস্ক পৌঁছান।অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, তাঁরা সিরিয়ার অর্থনীতি ও বাণিজ্যসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনার ওপর নতুন করে অবরোধ আরোপের প্রস্তুতি নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন, মনে হচ্ছে প্রেসিডেন্ট বাশার বধির হয়ে গেছেন। রক্তপাত বন্ধের জোর আন্তর্জাতিক আহ্বান তিনি যেন শুনতেই পাচ্ছেন না।রাশিয়াও রক্তপাত বন্ধে সিরিয়ার প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে।তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব আহ্বান পদদলিত করেই চলেছেন প্রেসিডেন্ট বাশার। তিনি দেশের সরকারবিরোধী আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে বলেছেন, ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পশ্চাদ্ধাবন করতে আমরা পিছপা হব না।’ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দাভুতোগলুর সঙ্গে সাক্ষাৎকারের সময় বাশার এই প্রত্যয় ব্যক্ত করেন। বার্তা সংস্থা সানা এ খবর জানিয়ে বলেছে, বাশার রাজনৈতিক সংস্কারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন।তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দেশে ফিরে বলেছেন, তিনি সিরিয়ার নিরাপত্তাবাহিনীর বিক্ষোভ দমনের পদ্ধতিকে অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেছেন। রক্তপাত বন্ধ এবং রাজনৈতিক সংস্কারের জন্য তিনি বাশারকে আহ্বান জানিয়েছেন।এদিকে সব ধরনের কূটনৈতিক তৎপরতার মধ্যেই সরকারবিরোধীদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। গতকাল আরও ৩৪ বেসামরিক লোক নিহত হওয়ার খবর দিয়েছেন মানবাধিকারকর্মীরা। এএফপি, বিবিসি।