আন্তর্জাতিক তত্ত্বাবধানে নির্বাচন দিতে রাজি গাদ্দাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে তিন মাসের মধ্যে একটি সাধারণ নির্বাচন দিতে রাজি আছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। গতকাল বৃহস্পতিবার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম ইতালির একটি পত্রিকাকে এ কথা জানান।সাইফ বলেন, ‘আন্তর্জাতিক তত্ত্বাবধানে খুব দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে লিবিয়ার বর্তমান অচলাবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ। তিন মাসের মধ্যে আমরা নির্বাচন করতে পারব। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল লিবিয়ায় উপস্থিত থাকতে পারেন।’ তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আফ্রিকান ইউনিয়ন (এইউ), জাতিসংঘ এমনকি সামরিক জোট ন্যাটোও উপস্থিত থাকতে পারে।সাইফ বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো এটা সুষ্ঠু হতে হবে এবং ভোট জালিয়াতি না হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমি নিশ্চিত, লিবিয়ার অধিকাংশ মানুষ আমার বাবার পক্ষে রয়েছেন।’ তিনি বলেন, ‘নির্বাচনে হেরে গেলে বাবা পদত্যাগ করবেন। কিন্তু দেশ ছেড়ে যাবেন না। তিনি লিবিয়ায় জন্মেছেন, লিবিয়াতেই মরবেন। এখানেই তাঁর কবর হবে।’ এএফপি ও রয়টার্স।