শ্রীলঙ্কার প্রধান তামিল দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স ২০০৯ সালে চূড়ান্ত লড়াইয়ের সময় সরকারি বাহিনীর হাতে বেসামরিক লোকদের হত্যাকাণ্ডের ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে।জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, তারা ওই সময় কয়েক হাজার বেসামরিক লোককে দেশটির সেনাদের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের এ স্বীকারোক্তির পর গতকাল বৃহস্পতিবার দলটি এ দাবি জানায়।জাতিসংঘের প্রতিবেদন অনুসারে, সে সময় ৪০ হাজার বেসামরিক লোককে সরকারি বাহিনী হত্যা করেছে।তামিল ন্যাশনাল অ্যালায়েন্স জানায়, তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে সর্বশেষ লড়াইয়ের সময় সেনারা দেশজুড়ে হত্যাকাণ্ড চালিয়েছে ও বেসামরিক লোকদের কারাবন্দী করে রেখেছিল। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কার্যালয় থেকে ওই প্রতিবেদন প্রকাশ করার পর তাদের সে অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে। দলটির মুখপাত্র এম এ সুমানথিরান বলেন, ‘এখন জাতিসংঘের প্রতিবেদন বের হয়েছে। আমরা চাই, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’ সুমানথিরান বলেন, এ ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। সরকারের বিরুদ্ধেই মূল অভিযোগ। কাজেই সরকার এ তদন্তে জড়িত থাকতে পারবে না।’ এএফপি।