আন্তর্জাতিক তদন্ত দাবি পিএলওর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাতকে ‘হত্যার’ ঘটনায় আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) এক কর্মকর্তা। আরাফাত খুব সম্ভবত তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়ামের বিষক্রিয়াতেই মারা গেছেন—সুইজারল্যান্ডের গবেষকেরা এক প্রতিবেদনে এ তথ্য জানানোর পরদিন এমন দাবি জানানো হলো।
শীর্ষ ফিলিস্তিনি সংগঠন পিএলওর কার্যনির্বাহী পরিষদের সদস্য ওয়াসেল আবু ইউসেফ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘আরাফাত যে পোলোনিয়ামের বিষক্রিয়ায় মারা গেছেন, তা পরীক্ষার ফলাফলে প্রমাণিত। পদার্থটি রাষ্ট্রীয় মালিকানায় থাকে, জনসাধারণের কাছে নয়। যার অর্থ হলো, কোনো রাষ্ট্র এ অপরাধ সংঘটিত করেছে।’ ইউসেফ আরও বলেন, ‘লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড তদন্তে যেভাবে কমিটি গঠন করা হয়, সেভাবে প্রেসিডেন্ট আরাফাত হত্যার ঘটনা তদন্তেও আন্তর্জাতিক কমিটি গঠন করতে হবে।’
ফিলিস্তিনি কর্তৃপক্ষের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ কর্মকর্তা আমিন মকবুল জানান, আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা নিয়ে ফরেনসিক পরীক্ষার যে সর্বশেষ তথ্য বেরিয়েছে, সে বিষয়ে আলোচনার জন্য তাঁরা বৈঠকে বসবেন। গতকাল বিকেলেই এ বৈঠক হওয়ার কথা। এএফপি।