যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে যেকোনো আন্তর্জাতিক তদন্তে সহযোগিতা করার জন্যশ্রীলঙ্কা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান ও প্রধান বিরোধী নেতা শরৎ ফনসেকা। কারাগার থেকে মুক্তি পাওয়ার এক দিন পর তিনি এ আহ্বান জানান।বিবিসিকে গতকাল মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই সেনাপ্রধান বলেন, কিছু নেতা শ্রীলঙ্কার গৃহযুদ্ধে তাঁদের ভূমিকা নিয়ে ‘এমনভাবে মুখ লুকাচ্ছেন’ যেন তাঁরা অপরাধী। ফনসেকা অবশ্য ওই যুদ্ধে হাজার হাজার বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার কথা নাকচ করে দেন। ২০০৯ সালের মে মাসে তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন ফনসেকা। যুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায় শ্রীলঙ্কা সরকারের প্রতি ক্রমাগত এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়ে আসছে। আর এই ডাকে সাড়া দিতেই সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানান ফনসেকা। সেনাবাহিনীর ওই চূড়ান্ত অভিযানে বিচ্ছিন্নতাবাদী তামিল বিদ্রোহীদের শোচনীয় পরাজয় ঘটলে দেশটির ২৬ বছরের দীর্ঘ গৃহযুদ্ধের অবসান হয়। যুদ্ধজয়ের কৃতিত্ব নিয়ে পরবর্তী সময়ে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে তাঁর কলহ দেখা দেয়। একপর্যায়ে প্রেসিডেন্ট পদে রাজাপক্ষেকে চ্যালেঞ্জ জানালে ২০১০ সালে দুর্নীতির অভিযোগে তিনি গ্রেপ্তার হন। যুক্তরাষ্ট্র তাঁকে একজন রাজনৈতিক বন্দী হিসেবে অভিহিত করে। দুই বছরের বেশি সময় তিনি কারাগারে কাটান।যুদ্ধের শেষ মুহূর্তে সংঘটিত ঘটনায় সরকার ও বিদ্রোহী উভয় পক্ষের ভূমিকা নিয়ে বিতর্ক দেখা দেয়। দুই পক্ষের বিরুদ্ধেই অভিযোগ ওঠে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের। মানবাধিকার সংগঠনগুলোর হিসেব অনুযায়ী, যুদ্ধের শেষ কয়েকটি মাসেই কেবল প্রাণ হারায় ৪০ হাজারের মতো বেসামরিক লোক। তবে সম্প্রতি সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে এ সংখ্যা প্রায় নয় হাজার বলে উল্লেখ করা হয়েছে।বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে ফনসেকা বলেন, শ্রীলঙ্কার কিছু নেতার আচরণে বিশ্ববাসীর মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে যে, তাঁরা কোনো না কোনোভাবে দোষী। বিবিসি।