আন্তর্জাতিক তদন্তে সহায়তা করলে ফনসেকাকে ফাঁসি দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধ বিষয়ে যেকোনো ধরনের আন্তর্জাতিক তদন্তে সহায়তা করলে সাবেক সেনাপ্রধান শরৎ ফনসেকাকে ফাঁসি দেওয়া হবে। দেশটির প্রতিরক্ষাসচিব এই হুমকি দিয়েছেন। প্রায় এক বছর আগে তামিল গেরিলাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। এই অভিযানে সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে।লন্ডনভিত্তিক গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলঙ্কার প্রতিরক্ষাসচিব গোতাভায়া রাজাপক্ষে সাবেক সেনাপ্রধান ফনসেকাকে ফাঁসি দেওয়ার কথা বলেছেন। তামিল গেরিলাদের দমন অভিযানে যুদ্ধাপরাধ বিষয়ে আন্তর্জাতিক যেকোনো তদন্তে ফনসেকা অনেক তথ্য দিতে পারবেন— সাক্ষাৎকারগ্রহণকারী সাংবাদিকের এম মন্তব্যে উত্তেজিত হয়ে পড়েন গোতাভায়া। তিনি বলেন, ‘ফনসেকা এটা করতে পারেন না। ওই সময় তিনিই সেনাপ্রধান ছিলেন। এটা হলে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা হবে। আমি বলছি, এমন হলে তাঁকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে ফাঁসিতে ঝোলানো হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীন দেশ। এ বিষয়ে তদন্ত করার সামর্থ্য আমাদের আছে।’বর্তমানে শ্রীলঙ্কা পার্লামেন্টের সদস্য ফনসেকা তামিল অভিযান বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়ে এ ব্যাপারে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। গত নভেম্বরে সেনাপ্রধানের পদ ছেড়ে দেন ফনসেকা। পরে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি। নির্বাচনের পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সেনাপ্রধান থাকাকালে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ আনা হয় ফনসেকার বিরুদ্ধে। দেশটির সামরিক আদালতে সাবেক এই সেনাপ্রধানের বিচার চলছে। এএফপি