আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে আগামী মাসে অনুষ্ঠেয় উপনির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আমন্ত্রণ জানানো হয়েছে। মিয়ানমার সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল বুধবার এ তথ্য জানান।বহুপ্রতীক্ষিত এই উপনির্বাচনে বেশ কয়েকজন পর্যবেক্ষক পাঠাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট (আসিয়ান)। আন্তর্জাতিক পর্যবেক্ষক দলে আসিয়ান, ইইউ, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের যৌথ অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছেন মিয়ানমারের ওই কর্মকর্তা। তবে পর্যবেক্ষকদের মোট সংখ্যা জানানো হয়নি। মিয়ানমারে এই প্রথম বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হলো। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিতব্য এই উপনির্বাচনের মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাই এই উপনির্বাচনকে দেশটির বর্তমান বেসামরিক সরকারের জন্য বড় একটি পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রত্যক্ষ সামরিক শাসনের অবসানের পর মিয়ানমারের বর্তমান সরকার সংস্কারমূলক বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস। বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের পদক্ষেপকে স্বাগত জানিয়ে ইয়াঙ্গুনে অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মাইক কুইনল্যান বলেন, দেশটির সংস্কারপ্রক্রিয়ার জন্য নির্বাচন স্পষ্টতই গুরুত্বপূর্ণ। তবে নির্বাচন ঘিরে অনিয়ম ও ভোটারদের ভীতি প্রদর্শনের বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা প্রয়োজন। এ প্রসঙ্গে ইইউর তরফ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ব্যাংককে ইইউর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি পর্যবেক্ষক দল পাঠানোর জন্য অন্তত ছয় মাসের প্রস্তুতির প্রয়োজন।আসন্ন উপনির্বাচনে ৪৮টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তবে এই উপনির্বাচনের ফল বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, এই উপনির্বাচনে সু চির জয় চায় সরকার। কারণ, এতে তাদের সংস্কারমূলক পদক্ষেপ বৈধতা পাবে এবং মিয়ানমারের ওপর আরোপিত বিভিন্ন অবরোধ প্রত্যাহারের ব্যাপারে পশ্চিমা দেশগুলো উৎসাহিত হবে।থাইল্যান্ডভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ভাহুর মিয়ানমার-বিশেষজ্ঞ অং নাইং উ বলেন, উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার পেছনে মিয়ানমার সরকারের স্বার্থ রয়েছে। তাই বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো অত্যন্ত যৌক্তিক।উপনির্বাচন সামনে রেখে কর্তৃপক্ষের ‘অন্যায় আচরণের’ বিরুদ্ধে গত সোমবার প্রতিবাদ জানিয়েছে এনএলডি। দলটির অভিযোগ, ক্ষমতাসীন রাজনৈতিক দলের একটি সভায় অংশগ্রহণের জন্য একটি গ্রামের বাসিন্দাদের বাধ্য করা হয়েছে। এ ছাড়া সু চি ইয়াঙ্গুনের নিকটবর্তী কাওমু এলাকার যে আসনে প্রার্থী হয়েছেন, সেখানকার ভোটার তালিকায় শত শত মৃত ব্যক্তির নাম রয়েছে।মিয়ানমারে ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করলেও এনএলডিকে ক্ষমতা গ্রহণ করতে দেয়নি তৎকালীন সামরিক জান্তা। পরিবর্তে প্রায় দুই দশকব্যাপী অন্তরীণ রাখা হয় সু চিকে। ২০১০ সালের নির্বাচনের পর তাঁকে মুক্তি দেওয়া হয়।২০১০ সালে মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সেনাসমর্থিত রাজনৈতিক দল জয়ী হয়। ওই নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া যায়। তখন বিদেশি পর্যবেক্ষক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে মিয়ানমারে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সু চির রাজনৈতিক দল ও পশ্চিমা বিভিন্ন দেশ ওই নির্বাচনকে ‘প্রহসনমূলক’ উল্লেখ করে নিন্দা জানায়। এএফপি ও বিবিসি।