সিরিয়ার পরিস্থিতিকে ‘জটিল’ আখ্যায়িত করেছেন জাতিসংঘ ও আরব লিগের শান্তির দূত কফি আনান। জাতিসংঘের সাবেক এই মহাসচিব সেখানে রক্তপাত বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপ আরও জোরদার করতে গতকাল বুধবার আহ্বান জানিয়েছেন। এদিকে কূটনীতিক বহিষ্কারের ধারাবাহিকতায় তুরস্ক ও জাপান গতকাল সিরীয় কূটনীতিকদের সেসব ছাড়ার নির্দেশ দিয়েছে। জর্ডানের আম্মানে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদাহর সঙ্গে গতকাল বৈঠক করেন কফি আনান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে কফি আনান বলেন, ‘সিরিয়ার ব্যাপারটা জটিল। বিশ্ববাসী নিবিড়ভাবে সেখানকার সর্বশেষ অবস্থার ওপর নজর রাখছে। সিরিয়ার জনগণের দুর্ভোগের ইতি টানতে এবং এই সমস্যার একটি সমাধান বের করতে আমাদের কঠোর পরিশ্রম ও সর্বাত্মক চেষ্টা করা দরকার।’আনান আরও বলেন, সিরিয়ার চলতি পরিস্থিতি মোকাবিলায় এবং সেখানে চলমান হত্যাকাণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোর প্রয়াস চালানো দরকার।কফি আনান দুই দিনের সফর শেষে সিরিয়া থেকে গতকাল প্রতিবেশী দেশ জর্ডানে পৌঁছান। আজ বৃহস্পতিবার তাঁর দেশটির বাদশা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। দামেস্কে অবস্থানের সময় কফি আনান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি ১৫ মাস ধরে চলা রক্তপাত বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে আসাদের প্রতি আহ্বান জানান। দেশটি সমস্যার ‘শেষ প্রান্তে’ পৌঁছে গেছে বলে তিনি আসাদকে সতর্ক করে দেন।আরও দেশ থেকে সিরীয় কূটনীতিকদের বহিষ্কারের পদক্ষেপ: হোমস প্রদেশের হুলা শহরে কমপক্ষে ৪৯টি শিশুসহ ১০৮ জন বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সিরীয় কূটনীতিকদের বহিষ্কারের ধারাবাহিকতায় সিরীয় কূটনীতিকদের তুরস্ক ও জাপান ছাড়তে গতকাল নির্দেশ দেওয়া হয়।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হুলা শহরের নৃশংস হত্যাকাণ্ডের জের ধরে আঙ্কারায় সিরিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ সব কূটনীতিককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তুরস্ক ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, হত্যাকাণ্ডটি মানবতার বিরুদ্ধে একটি অপরাধ। এ ধরনের ঘটনার পর তুরস্কের পক্ষে নিশ্চুপ থাকা সম্ভব নয়।অন্যদিকে জাপান জানিয়েছে, পশ্চিমা মিত্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পথ ধরে তারাও সিরীয় কূটনীতিকদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স ও যুক্তরাজ্য সিরিয়ার কূটনীতিকদের বহিষ্কারের পদক্ষেপ নেয়। বুলগেরিয়া, নেদারল্যান্ড ও সুইজারল্যান্ডও তাদের অনুসরণ করছে। এর বাইরে বেলজিয়াম সিরীয় রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে। তবে তিনি রাষ্ট্রদূতের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক হওয়ায় তাঁকে বহিষ্কার করা হবে না বলে জানানো হয়েছে।সহিংসতা অব্যাহত: কফি আনানের সতর্কবাণী সত্ত্বেও সিরিয়ায় সহিংসতা অব্যাহত রয়েছে। মানবাধিকারকর্মীরা এ খবর দিয়েছেন।মানবাধিকারকর্মীরা জানান, গতকাল সকালেও হোমসের কুসাইর ও ওয়ারশাসহ আশপাশের এলাকায় গোলা নিক্ষেপ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বাবে-আল সাবা এলাকায়ও সেনারা প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া মঙ্গলবার রাতভর দামেস্কের দুমা এলাকায় গোলাগুলির শব্দ পাওয়া যায়। সেখানে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে লোকাল কো-অর্ডিনেশন কমিটি। এএফপি ও বিবিসি।