শ্রীলঙ্কায় দীর্ঘদিনের গৃহযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়ে বহুল প্রতীক্ষিত জাতিসংঘ প্রতিবেদনটি গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গৃহযুদ্ধে সরকারি বাহিনী ও তামিল বিদ্রোহী উভয় পক্ষই গণহত্যাসহ যুদ্ধাপরাধ করেছে—এ ‘সম্ভাবনাই বেশি’।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কার সংখ্যাগুরু সিংহলি ও সংখ্যালঘু তামিলদের মধ্যে পুনর্মিত্রতা প্রতিষ্ঠার পথ প্রশস্ত করতে হলে আন্তর্জাতিক সহায়তা নিয়ে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে হবে। খবর এএফপি ও রয়টার্সের।
২৬ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় ‘মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ত ছিলেন বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ আছে’—এমন সামরিকসহ বিভিন্ন ক্ষেত্রের কর্মকর্তাদের অপসারণ করতে বলা হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে এবং নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগে মৌলিক সংস্কার আনতে শ্রীলঙ্কাকে বৃহত্তর পদক্ষেপ নিতে হবে। দুই অংশে বিভক্ত প্রায় ৩০০ পৃষ্ঠার এই প্রতিবেদনে সন্দেহভাজন কারও নাম উল্লেখ করা হয়নি। এর কারণ হিসেবে বলা হয়েছে, এটা ছিল মানবাধিকার তদন্ত, অপরাধ তদন্ত নয়।
শ্রীলঙ্কা প্রতিবেদন প্রকাশের পর ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছে। তবে জাতিসংঘ যে আন্তর্জাতিক বিচারকদের দিয়ে বিশেষ আদালতের কথা বলেছে, প্রতিক্রিয়া জানানোর সময় সে বিষয়ে সরাসরি কিছু বলেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রতিবেদনটির বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রা’দ আল হোসাইন এক বিবৃতিতে বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে সত্যিকারের মৌলিক পরিবর্তন আনার এই ঐতিহাসিক সুযোগ যেন হাত ফসকে না যায়।’
জাতিসংঘ সম্ভাব্য যুদ্ধাপরাধের বিচার একটি বিশেষ আদালতের মাধ্যমে করতে বলছে, যেখানে আন্তর্জাতিক বিচারকেরাও থাকবেন। তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নতুন সরকার অভ্যন্তরীণভাবেই দোষী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদন বলছে, এই বিশাল কাজ একা করার মতো অবস্থায় নেই শ্রীলঙ্কার ফৌজদারি বিচার বিভাগ।
শ্রীলঙ্কার সরকার গত সোমবারই জানায়, তারা দক্ষিণ আফ্রিকার মতো করে একটি ট্রুথ কমিশন গঠন করতে চায়। এই কমিশন গৃহযুদ্ধের সময় সংঘটিত বিভিন্ন অপরাধের অভিযোগ খতিয়ে দেখবে।
জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনটি গত মার্চ মাসে প্রকাশ করার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কার নতুন সরকারকে অন্যান্য জাতীয় বিষয়গুলো মোকাবিলার সুযোগ দিতে তা পেছানো হয়।
শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হয় ২০০৯ সালে। তবে গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত দেশটিতে বিভিন্নভাবে ‘মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন’ হয়েছে। এতে বলা হয়েছে, উভয় পক্ষ যেসব যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ রয়েছে, তা তদন্তে শ্রীলঙ্কাকে ‘একটি হাইব্রিড বিশেষ আদালত’ গঠন করতে হবে। সেই আদালতে অন্তর্ভুক্ত থাকবেন ‘আন্তর্জাতিক বিচারক, প্রসিকিউটর, আইনজীবী ও তদন্তকারীরা’।
এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রা’দ আল হোসাইন এক বিবৃতিতে বলেন, ‘দশকের পর দশক ধরে সহিংসতা, কদাচার ও প্রতিশ্রুতি ভঙ্গের মাধ্যমে বৃহৎ পরিসরে ও যুক্তিযুক্তভাবে যেসব সন্দেহ দানা বেঁধেছে, তা নিতান্ত দেশীয় বিচার প্রক্রিয়ার মাধ্যমে কাটিয়ে ওঠার কোনো সুযোগ নেই।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শ্রীলঙ্কার ২৬ বছরের গৃহযুদ্ধের সময় হাজার হাজার মানুষ নিরুদ্দেশ হয়েছে। এটা ইঙ্গিত দেয়, ‘বলপূর্বক গুম’ করার বিষয়টি ছিল পদ্ধতিগত নীতিরই একটা অংশ।