
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য পোপ ফ্রান্সিস আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘গভীরভাবে ভেবে দেখার’ আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ংয়ের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি ও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সম্প্রতি দুই দেশের সম্পর্কে উত্তেজনা চরমে উঠেছে।
ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ এই সংকট নিরসনে নরওয়ের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই সংকট থেকে বিপর্যয়কর যুদ্ধ লেগে যেতে পারে। আর তাহলে ‘মানবতার একটি উত্তম অংশ’ বিনষ্ট হবে।
ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রক্রিয়ায় স্ক্যান্ডিনেভীয় দেশ নরওয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
উত্তর কোরিয়া সর্বশেষ গত শনিবার আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েক ঘণ্টা পর পোপ এই মন্তব্য করলেন। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলেছে, পিয়ংইয়ংয়ের সর্বশেষ পরীক্ষাটি ব্যর্থ হয়েছে। ছোড়ার কিছুক্ষণ পরই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়।
মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে একটি ‘বড় সংঘাতের’ আশঙ্কা করছেন তিনি।
নিষেধাজ্ঞা ভেঙে উত্তর কোরিয়ার অস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র দেশটির ওপর চাপ দিতে কয়েকটি যুদ্ধজাহাজ, একটি ক্ষেপণাস্ত্র-সজ্জিত ডুবোজাহাজ পাঠিয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় বসানো হয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘থাড’। এ নিয়ে উত্তর কোরিয়া ক্ষুব্ধ।
মিসর সফর শেষে ভ্যাটিকানে ফিরে পোপ বলেন, পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে গেছে। এখনো সামনে আলোচনা ও কূটনৈতিক মীমাংসার পথ রয়েছে। জাতিসংঘ এখন খুব স্তিমিত হয়ে গেছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ নিরসনের লক্ষ্যে ২০০৩ সাল থেকে দুই কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ ছয় দেশ আলোচনা শুরু করেছিল। কিন্তু পিয়ংইয়ং ২০০৯ সালে ওই আলোচনা থেকে সরে যায়। পরবর্তী সময়ে কোরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে। উত্তর ও দক্ষিণ কোরিয়া পাল্লা দিয়ে সামরিক মহড়া শুরু করে।
পশ্চিমা বিশ্বের আশঙ্কা, উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে নিজেদের সামর্থ্য বাড়াচ্ছে। একটা পর্যায়ে তারা মার্কিন মূল ভূখণ্ডে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়তে চায়।