আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ফিরছেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ কয়েক মাস ক্যানসারের চিকিৎসা শেষে আবারও আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে ফিরছেন। আগামীকাল মঙ্গলবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় লাতিন আমেরিকার দেশগুলোর একটি সম্মেলনে যোগ দেবেন তিনি।আগামী ৭ অক্টোবর অনুষ্ঠেয় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী চাভেজ চলতি বছরের শুরুর পর থেকে এই প্রথম বিদেশ সফর করছেন। সম্প্রতি তিনি একটি জনসভায় হাজির হয়ে দীর্ঘ বক্তব্য দিয়েছেন, নেচেছেন এবং গানও গেয়েছেন। এতে করে বামপন্থী এই নেতার স্বাস্থ্য নিয়ে জনগণের উৎকণ্ঠা অনেক কমে গেছে।গত বছরের জুন মাসে চাভেজের শরীরে ক্যানসারের কোষবাহী টিউমার ধরা পড়ে। এর পর থেকে দীর্ঘ সময় চিকিৎসা নেওয়াসহ তাঁর শরীরে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছে। এরপর চাভেজকে ‘সুস্থ’ বলে ঘোষণা করা হলো।দীর্ঘ সময় চিকিৎসাধীন অবস্থায় চাভেজ রাজনৈতিক প্রচারণা থেকে বিরত ছিলেন এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলনেও যোগ দিতে পারেননি।ভেনেজুয়েলার প্রথম সারির জনমত জরিপকারী প্রতিষ্ঠান ডাটাঅ্যানালিসের প্রধান লুই ভিনসেন্তে লিওন বলেন, ব্রাসিলিয়ায় মারকোসার সম্মেলনে চাভেজের উপস্থিতি এই বার্তাই দেবে, ‘হ্যাঁ, আমি ফিরে এসেছি। আমার শরীরে আর কোনো সমস্যা নেই।’ ভিনসেন্তে আরও বলেন, নির্বাচনের কয়েক মাস আগে চাভেজ অবশ্যই এই বার্তা দেবেন, তাঁর ভবিষ্যৎ সময়ের ওপর যে কালো ছায়া নেমে এসেছিল, তা তিনি কাটিয়ে উঠেছেন।১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন চাভেজ। এখনো দেশটির দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তিনি ব্যাপক জনপ্রিয়। জনমত জরিপের ফলাফলেও দেখা গেছে, চাভেজ আগামী অক্টোবর মাসের নির্বাচনে সহজেই তাঁর মূল প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর হেনরিক ক্যাপরিলেসকে পরাজিত করবেন।মারকোসার লাতিন আমেরিকার একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট। এই জোটের সদস্য হলো, আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে ও প্যারাগুয়ে। অবশ্য ২০০৬ সাল থেকে প্যারাগুয়ের সিনেট ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত করে রেখেছে। এএফপি।