আন্তর্জাতিকভাবে তদন্তের সুপারিশ জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) বিদ্রোহীদের দমনের লক্ষ্যে পরিচালিত অভিযানের শেষ দিকে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিকভাবে তদন্তের সুপারিশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান নাভি পিল্লাই।
গতকাল রোববার শ্রীলঙ্কা থেকে প্রকাশিত সানডে টামইস পত্রিকার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, নাভি পিল্লাই যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) প্রতি আহ্বান জানিয়েছেন।
পিল্লাই অভিযোগ করেন, বারবার আহ্বান জানানো সত্ত্বেও শ্রীলঙ্কা সরকার যুদ্ধাপরাধের অভিযোগ সম্পর্কে ‘সত্য বিষয়টি নিশ্চিত করা’ এবং গণহত্যায় সম্পৃক্ত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার বিষয়টি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সত্য বিষয়টি তুলে আনতে আরও সময় প্রয়োজন বা কারিগরি সামর্থ্য প্রয়োজন আছে বলে মনে করেন না নাভি পিল্লাই। তাঁর মতে, শ্রীলঙ্কা সরকারের এই ব্যর্থতার কারণে তাদের রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা যায়।
নাভি পিল্লাইকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, ‘ওই সময় আন্তর্জাতিক মানবাধিকার ও আইন লঙ্ঘিত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করতে হবে ও অভ্যন্তরীণ জবাবদিহির প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে হবে।’
সানডে টাইমস-এর প্রতিবেদনে জানানো হয়, নাভি পিল্লাই আগামী মাসে জেনেভায় অনুষ্ঠেয় ইউএনএইচআরসির অধিবেশনে শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধ বিষয়ে যে প্রতিবেদন তুলে ধরবেন, সেই প্রতিবেদনের একটি কপি পর্যালোচনার জন্য কলম্বোকে দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনে অভিযোগ করা হয়, শ্রীলঙ্কা সরকার ওই যুদ্ধাপরাধের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করতে ব্যর্থ হয়েছে। এ ছাড়া ধারাবাহিকভাবে গণতান্ত্রিক স্বাধীনতা লঙ্ঘন করে চলেছে।
সানডে টাইমস-এর এই প্রতিবেদনের বিষয়ে শ্রীলঙ্কা সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সরকার সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগ শুরু থেকেই নাকচ করে আসছে।
শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে পৃথক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কয়েক দশক ধরে লড়াই চালিয়ে আসছিল এলটিটিই। সংগঠনটি তামিল টাইগার্স বলেও পরিচিত। এলটিটিইর নেতৃত্ব দিয়েছিলেন ভেলুপিল্লাই প্রভাকরণ। ২০০৯ সালে শ্রীলঙ্কার সরকার এলটিটিইর বিরুদ্ধে চূড়ান্ত অভিযান চালিয়ে তাদের পরাজিত করে। ওই অভিযানে নিহত হন প্রভাকরণ। অভিযোগ ওঠে, ওই অভিযানে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের ঘটনা ঘটে।
জাতিসংঘের হিসাবমতে, ১৯৭২ থেকে ২০০৯ সাল পর্যন্ত তামিল টাইগার বিদ্রোহীদের লড়াইয়ে অন্তত এক লাখ মানুষ প্রাণ হারায়। এএফপি।