আন্দামানে আদিবাসীদের ওপর নির্যাতনের অভিযোগ
ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আদিবাসী জারোয়া সম্প্রদায়ের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জারোয়াদের অধিকার নিয়ে কাজ করছে লন্ডনের সার্ভাইভাল ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, চোরা শিকারিরা খাবার, মদ ইত্যাদির প্রলোভন দেখিয়ে জারোয়া নারীদের নির্যাতন করে থাকে।
আন্দামানের একটি সংবাদপত্র সম্প্রতি এক জারোয়া যুবকের সাক্ষাত্কার প্রচার করে। ওই যুবক অভিযোগ করেন, জারোয়া নারীরা এখনো বহিরাগতদের যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। তাঁর ভাষ্য, তাঁদের জঙ্গলে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি থাকলেও চোরা শিকারিদের আনাগোনা আছেই। তারাই মদ ও খাবারের লোভ দেখিয়ে জারোয়া নারীদের কাছে ভিড়িয়ে নির্যাতন, এমনকি ধর্ষণ করছে। ওই যুবক নির্যাতনকারী ২০ জনের কথাও বলেছেন।
জারোয়ারা গভীর জঙ্গলে থাকে। তাদের ভাষা আলাদা। জারোয়াদের এই অঞ্চল এখনো সংরক্ষিত। বাইরের পৃথিবী তাদের কাছে অনেকটাই অদেখা। কখনো বাইরের কোনো মানুষ তাদের নাগালে গেলে তারা তির-ধনুক ও নিজস্ব অস্ত্র দিয়ে ওই আগন্তুককে মেরে ফেলত।
১৯৯৮ সালের আগে বাইরের জগতের সঙ্গে জারোয়াদের কোনো যোগাযোগ ছিল না। কিন্তু পরবর্তী সময়ে পর্যটকদের জঙ্গল সাফারি শুরু হলে জারোয়ারা পর্যটকদের সংস্পর্শে আসে। এরপরই পর্যটকেরা জারোয়াদের খাবার দিয়ে তাদের বশে আনতে চেষ্টা চালান। একসময় পর্যটকেরা এই সুযোগ নিয়ে শ্লীলতাহানিও করেন জারোয়া নারীদের।
২০১২ সালে একটি ব্রিটিশ সংবাদমাধ্যমে খাবারের লোভ দেখিয়ে জারোয়া নারীদের অর্ধনগ্ন হয়ে নাচতে বাধ্য করা হচ্ছে—এমন খবর প্রকাশিত হয়। এরপর নড়েচড়ে বসে ভারত সরকার। এর পরই সুপ্রিম কোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় জারোয়াদের এলাকায় জঙ্গল সাফারি।