আন্দামানে নৌকাডুবিতে ২৮ পর্যটক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে গতকাল রোববার বিকেলে নৌকাডুবিতে ২৮ জন পর্যটক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১৬ জন। জীবিত উদ্ধার হয়েছেন ১২ পর্যটক। নৌকাটিতে অর্ধশতাধিক পর্যটক ছিলেন।

নিহত পর্যটকদের অধিকাংশের বাড়ি তামিলনাড়ু ও মুম্বাই। তবে এঁদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের ও আরেকজন উত্তর প্রদেশের বাসিন্দা।

জানা গেছে, ওই পর্যটকেরা যন্ত্রচালিত একটি নৌকায় চড়ে রোজ দ্বীপ থেকে নর্থ বে দ্বীপে যাচ্ছিলেন। গতকাল বিকেলে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের কাছে বঙ্গোপসাগরের ভাইপার দ্বীপে একুয়া মেরিন নামের নৌকাটি ডুবে যায়। এতে ২৮ জন পর্যটক নিহত হয়েছেন বলে জেলা শাসক পি জহর নিশ্চিত করেছেন।

নৌকাডুবির খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

অতিরিক্ত পর্যটক বোঝাইয়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নৌকাটি ডুবে যাওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলেও কেউ কেউ দাবি করেছেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য বিচার-বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে এক লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।