থাইল্যান্ডে চলমান রাজনৈতিক সংকট সমাধানে গতকাল মঙ্গলবার বিরোধীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথা জানিয়েছে সরকার। তবে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে বিক্ষোভকারীরা। প্রায় এক মাস ধরে প্রধানমন্ত্রী ভেজ্জাজিভার পদত্যাগ ও নতুন নির্বাচন ঘোষণার দাবিতে বিক্ষোভ করে আসছে লাল শার্ট পরিহিত বিক্ষোভকারীরা।ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাপন্থী এসব বিক্ষোভকারী ব্যাংককে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এরই মধ্যে ২১ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীদের নেতা নাত্তাউত সাইকুর বলেন, ‘ভেজ্জাজিভা পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা না করা পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জিত হবে না। আমরা চাই, তিনি বর্তমান পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে নতুন নির্বাচন আহ্বান করুন, যাতে জনগণ সরকার বেছে নিতে পারে।’ বিক্ষোভকারীদের আরেক নেতা বলেছেন, ‘আজ বুধবার তাঁরা ব্যাংককের কাছের সামরিক ঘাঁটি অভিমুখে যাত্রা করতে পারেন। সংকটকালে ওই ঘাঁটিতেই আশ্রয় নেন ভেজ্জাজিভা।’এদিকে যুক্তরাষ্ট্র সফররত থাই পররাষ্ট্রমন্ত্রী কাসিত পিরোমিয়া বলেছেন, তিনি এখনো মনে করেন চলমান সংকট সমাধানে আলোচনার সুযোগ রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দুই পক্ষ আলোচনার টেবিলে বসবে বলে তাঁর ধারণা। বিক্ষোভে ইন্ধন জোগানোর জন্য থাকসিন সিনাওয়াত্রার সমালোচনাও করেন তিনি।ব্যাংককে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভার ওপর চাপ বাড়ছে। দেশটির নির্বাচন কমিশন গত সোমবার ভেজ্জাজিভার নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি বিলুপ্ত ঘোষণা করার আহ্বান জানিয়েছে। ওই দলের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে বেআইনিভাবে অর্থ দানের অভিযোগ উঠেছে। ওই দিন থাই সামরিক বাহিনীর প্রধান জেনারেল আনুপং পাওজিন্দাও অভিজিেক পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন।বিশ্লেষকেরা বলছেন, নির্বাচন কমিশনের আহ্বানের কারণে নির্ধারিত সময়ের আগেই থাই পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা হতে পারে। গতকাল স্থানীয় পত্রিকা ব্যাংকক পোস্ট-এর খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা ২০১১ সালের শেষদিকে নির্বাচন দিতে আগ্রহী। কিন্তু সরকারের শরিক দলগুলো লাল শার্ট বিক্ষোভকারীদের দাবির মুখে আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তবে এ ব্যাপারে ওই দলগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা হওয়ার বিষয়টি নাকচ করেছে বিক্ষোভকারীরা। এএফপি, রয়টার্স ও বিবিসি।