আন্দোলন চালিয়ে যাবেন ইংলাকবিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সরকারবিরোধীরা রাজধানী ব্যাংককে বিক্ষোভ অব্যাহত রাখার ব্যাপারে অনঢ়। পুলিশ তাঁদের হটিয়ে দিতে প্রস্তুতি শুরু করলেও গতকাল শনিবার তাঁরা চলমান কর্মসূচি প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছেন। অবশ্য শুক্রবার একটি সরকারি দপ্তর থেকে বিক্ষোভ-কারীদের হঠিয়ে দেয় পুলিশ।
প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে তিন মাসের বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে এত দিন সরকার শক্তিপ্রয়োগ থেকে বিরত ছিল। তবে এখন অবরুদ্ধ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
শুক্রবার গভর্নমেন্ট হাউস থেকে বিক্ষোভকারীদের উচ্ছেদ করে পুলিশ। এ সময় পুলিশকে সামান্য বাধার মুখে পড়তে হয়। তবে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি। এর আগে হাউসটি প্রায় দুই মাস বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে ছিল।
কয়েক সপ্তাহ ধরে ‘ব্যাংকক শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। এর আগে থেকেই সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর অবরুদ্ধ ছিল। পুলিশ একে একে সেসব দপ্তর মুক্ত করছে।
সরকারবিরোধী আন্দোলনের মুখপাত্র আকানাত প্রোমফান গতকাল বলেন, ‘আমাদের গণ-আন্দোলন চলছে, চলবে। পুলিশি অভিযানে আমরা ভীত নই। এখনো প্রায় সব কটি বিক্ষোভকেন্দ্র আমাদের দখলে রয়েছে।’
গতকাল উত্তর ব্যাংককের চায়েং ওয়াত্তানা এলাকায় একটি সরকারি কমপ্লেক্স থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে অন্তত এক হাজার ২০০ পুলিশ এগিয়ে যায়। পরে দুই পক্ষের মধ্যে আজ রোববার সমঝোতা বৈঠকে বসার প্রতিশ্রুতিতে অভিযান থেকে বিরত থাকে পুলিশ।
বিরোধী আন্দোলনের নেতা সুথেপ থাগসুবানের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট-এর এক খবরে বলা হয়েছে, ইংলাক পদত্যাগ না করা পর্যন্ত সরকারের সঙ্গে আর কোনো আলোচনা নয়। গত শুক্রবার সুথেপ বলেন, ‘আমি একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সমঝোতার কোনো সুযোগ নেই। আমরা হয় বিজয়ী হব, না হয় পরাজিত।’
থাইল্যান্ডে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের দাবিতে গত বছরের নভেম্বর থেকে চলা এ বিক্ষোভে পৃথক সংঘর্ষে ইতিমধ্যে ১০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। বিক্ষোভকারীদের শান্ত করতে গত ডিসেম্বরে পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন ইংলাক। ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই নির্বাচন বর্জন করে বিরোধীরা। এএফপি।