আন্না এলেন না মমতার জনসভায়

বড় আশা করে প্রবীণ গান্ধীবাদী আন্না হাজারের হাত ধরেছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে আজ বুধবার জনসভার আয়োজনও করা হয়েছিল। কিন্তু ‘অসুস্থতাজনিত’ কারণে আন্না হাজারে জনসভাতেই এলেন না। সুবিশাল রামলীলা ময়দানও প্রায় খালিই পড়ে রইল। সেই ভাঙা হাটে একাকী মমতা জানিয়ে দিলেন, লোকসভা নির্বাচনের পর তাঁরা কংগ্রেস বা বিজেপি কোনো দলকেই সমর্থন দেবেন না।
বিজেপির প্রধানমন্ত্রিত্বের দাবিদার নরেন্দ্র মোদির নাম না করে মমতা বলেছেন, ‘গুজরাটের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক। আমরা সাম্প্রদায়িক দলের সঙ্গে যেতে পারি না।’
এত ঢাকঢোল পিটিয়ে মমতার হাত ধরে তাঁর সঙ্গে একযোগে সাংবাদিক বৈঠক করে জনসভার আয়োজনের পরও আন্না কেন এলেন না? এই প্রশ্নই ঘুরপাক খেল আজ। মমতা বললেন, ‘শুনেছি উনি অসুস্থ হয়ে পড়েছেন। ওঁর সুস্থতা কামনা করি।’ তবে দৃশ্যত তিনি আন্নার আচরণে ক্ষুব্ধ। তৃণমূল কংগ্রেসও বিস্মিত। কেউ কেউ বিজেপির হাত দেখতে পাচ্ছেন। কারণ, আন্নাকে জনসভায় আনতে গিয়ে ব্যর্থ হয়ে তৃণমূলের নেতা মুকুল রায় ফিরে আসার আধ ঘণ্টার মধ্যে দেশের সাবেক সেনাপ্রধান জেনারেল ভি কে সিং দেখা করতে যান আন্নার সঙ্গে। মমতা বলেন, ‘আমি তো শুনেছি কংগ্রেসেরও কেউ কেউ মঙ্গলবার রাতে আন্নার সঙ্গে দেখা করেছেন।’ অর্থাত্, তত্ত্বটি হচ্ছে, বিজেপি ও কংগ্রেস একজোট হয়ে আন্নাকে রুখেছেন যাতে তিনি মমতার প্রার্থীদের হয়ে প্রচার না চালান।
আবার ধাক্কা খেলেন মমতা
রাজনীতিকদের সরাসরি সমর্থনের প্রশ্নে আন্নার পরিবারেও দ্বিমত ছিল। যে আন্না তাঁরই শিষ্য অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন দেননি, তিনি কোন যুক্তিতে তৃণমূল কংগ্রেসের হাত ধরছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাঁরা এই প্রশ্নে সরব, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক আইপিএস কিরণ বেদী ও জেনারেল (অব.) ভি কে সিং। এঁরা দুজনেই বিজেপির টিকিটে এবারের ভোটে দাঁড়াতে চলেছেন বলে খবর। শোনা যাচ্ছে, এঁদের মারফতই বিজেপি আন্নাকে সরিয়ে দিল মমতার কাছ থেকে। এখন যা অবস্থা, তাতে আন্নার সঙ্গে মমতার সম্পর্কের এখানেই ইতি বলে মনে করা হচ্ছে। মমতা এই নিয়ে দুবার ধাক্কা খেলেন। রাষ্ট্রপতি নির্বাচনের সময় সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব প্রথম ধাক্কাটা দিয়েছিলেন, এবার দিলেন আন্না হাজারে।
প্রথম সারির কংগ্রেস নেতারা দাঁড়াতে চাইছেন না
আজই কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক বসে। বিভিন্ন সূত্রের খবর, দলের বহু প্রথম সারির নেতা এবারের নির্বাচনে লড়তে চাইছেন না। অথচ দলের সহসভাপতি রাহুল গান্ধী চান এবারের কঠিন নির্বাচনে দলের সব শীর্ষ নেতা এমনকি রাজ্যসভার সদস্যরাও চ্যালেঞ্জের মোকাবিলায় একজোট হয়ে লড়ুন। কিন্তু রাহুল চাইলেও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীশ তিওয়ারি, অর্থমন্ত্রী পি চিদাম্বরম, রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি শচিন পাইলট, সাবেক পরিবেশমন্ত্রী জয়ন্তী নটরাজন, পশ্চিমবঙ্গের মানস ভুইঞা, সাবেক প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্যসহ অনেকেই ভোটে দাঁড়াতে আগ্রহী হচ্ছেন না। চিদাম্বরমের আগের ভোটের ফলও ছিল বিতর্কিত। তিনি তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্র থেকে এবার ছেলে কার্তিককে দাঁড় করিয়ে নিজে রাজ্যসভায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন। রাহুল রাজি নন। মনীশের কেন্দ্র পাঞ্জাবের লুধিয়ানা। তিনি সাবেক রেলমন্ত্রী পবন বনসলের কেন্দ্র চন্ডিগড়ে আসতে চাইছেন। শচিন পাইলট তাঁর আজমির কেন্দ্রে নিশ্চিন্ত নন। জয়ন্তী নটরাজনকে কোনো সমর্থন ছাড়াই তামিলনাড়ুতে লড়তে হবে। ভোটে দাঁড়িয়ে হারতে তিনি নারাজ। কেন্দ্রীয় নির্বাচন কমিটি শেষ পর্যন্ত কী করবে, সে দিকেই সবার নজর। জানা যাচ্ছে, দিল্লিতে চাঁদনি চকে কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিবাল ও পূর্ব দিল্লিতে সন্দ্বীপ দীক্ষিত টিকিট পাচ্ছেন। সন্দ্বীপ হলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী বর্তমানে কেরলের রাজ্যপাল শীলা দীক্ষিতের ছেলে।
বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক বসছে কাল বৃহস্পতিবার। এর মধ্যেই লালু প্রসাদের দল ছেড়ে বেরিয়ে এসে তাঁর ২০ বছরের সঙ্গী রামকৃপাল যাদব আজ বিজেপিতে যোগ দিলেন।