শক্তিশালী লোকপাল বিল উত্থাপনের দাবিতে আবারও অনশন ধর্মঘটে যাচ্ছেন ভারতের গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে। গতকাল মঙ্গলবার তাঁর অনুসারী অরবিন্দ কেজরিওয়াল এ কথা জানান। নয়াদিল্লির যন্তর মন্তরে আজ বুধবার থেকে তাঁর অনশন শুরু করার কথা।আগে ধারণা করা হয়েছিল, আন্না হাজারে অবস্থান ধর্মঘট করলেও স্বাস্থ্যগত কারণে হয়তো অনশন করবেন না। অরবিন্দ জানান, অনশনে নেতার সঙ্গে তাঁর অনুসারীরাও অংশ নেবেন। অনশন শুরুর আগের দিন প্রকাশিত এক ভিডিও বার্তায় গান্ধীবাদী আন্না জানান, অনশন শুরুর পর সরকারকে তিন-চার দিন সময় দেওয়া হবে। এর মধ্যে শক্তিশালী একটি লোকপাল বিলের পক্ষে সরকার যদি কোনো সিদ্ধান্ত না দেয়, তবে তিনি ‘জেল ভরো’ আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ার করেন। ভিডিও বার্তায় গান্ধীবাদী আন্না সরকারের লোকপাল বিল উত্থাপনে গড়িমসির কারণ সম্পর্কে বলেন, এ বিল করা হলেই ১৫ থেকে ৩৫ জন মন্ত্রী দুর্নীতির অভিযোগে ফেঁসে যাবেন। এসব মন্ত্রী দোষী হলে তাঁদের শাস্তি দেওয়া উচিত সরকারের। কিন্তু সরকারের তা করার ইচ্ছা নেই। কাজেই দাবি আদায়ে ‘আন্দোলন’ ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। পিটিআই।