ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের কর্মী আন্না হাজারে ও যোগগুরু বাবা রামদেব দুর্নীতি দমনে সরকারের আরও কঠোর হওয়ার দাবিতে গতকাল রোববার এক দিনের অনশন কর্মসূচি পালন করেন। রাজধানী নয়াদিল্লির যন্তরমন্তরে এই অনশন কর্মসূচি পালিত হয়। এ সময় সেখানে প্রায় পাঁচ হাজার মানুষ সমবেত হয়। কংগ্রেস নেতৃত্বাধীন ভারতের ইউপিএ জোট সরকারকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে বাবা রামদেব বলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং ব্যক্তিগতভাবে সৎ হলেও ইউপিএ সরকার দুর্নীতিবাজ। তিনি বিদেশে পাচার করা কালোটাকা ফিরিয়ে আনতে এবং দুর্নীতি প্রতিরোধে শক্তিশালী লোকপাল বিল প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রথমে উচিত হবে তাঁর মন্ত্রিপরিষদকে দুর্নীতিমুক্ত করা। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রামদেব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, “আমি সৎ।” কিন্তু দেশ আপনাকে একজন ব্যক্তি হিসেবে দেখে না।’ তিনি আরও বলেন, ‘একজন সৎ মানুষ হওয়ায় জাতি আপনাকে (প্রধানমন্ত্রী) শ্রদ্ধা করে। কিন্তু আপনাকে রাজনৈতিকভাবেও সৎ হতে হবে। জাতি আপনাকে সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তি হিসেবে দেখে। শুধু আপনার ব্যক্তিগত সততাই যথেষ্ট নয়...আপনার মন্ত্রিপরিষদকেও সৎ রাখুন।’কালোটাকার বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও প্রতিবাদ কর্মসূচির হুমকি দেন রামদেব। তিনি তাঁদের দুর্নীতিবিরোধী প্রতিবাদ কর্মসূচিকে ‘স্বাধীনতার জন্য দ্বিতীয় সংগ্রাম’ বলে অভিহিত করেন। তিনি বলেন, সাধারণ মানুষের অবস্থান হলো নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপরে। জন্তরমন্তরে অনশনে যোগ দেওয়ার আগে রামদেব ও হাজারে রাজঘাটে যান। তাঁরা সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর উদ্দেশে প্রার্থনা করেন। এর আগে সকালে রামদেব বিদেশে পাচার করা কালোটাকা ফিরিয়ে আনার আন্দোলন আগামী আগস্টের মধ্যে শেষ করার হুমকি দেন। তিনি বলেন, ‘কালোটাকা ফিরিয়ে আনা জরুরি। আমি দেশের জনগণকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। কালোটাকা ফিরিয়ে আনার দাবিতে আমাদের আন্দোলন আজ থেকে আরও জোরদার হচ্ছে।’ টিম আন্নার সদস্য অরবিন্দ কেজরিওয়াল, মানিশ সিসোদিয়া ও কিরণ বেদিও অনশনে অংশ নেন। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদের ১৪ জন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে টিম আন্না এ অনশন কর্মসূচির আয়োজন করে। টিম আন্নার অভিযোগ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কয়লা ব্লক বণ্টন করার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। কয়লা ব্লকের এ দুর্নীতিতে তাঁরা প্রধানমন্ত্রীর সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ২০০৬ থেকে ২০০৯ সালের মে পর্যন্ত মনমোহন সিং কয়লা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। জি নিউজ।