আন্না হাজারে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারেকে গতকাল রোববার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বুকের সংক্রমণে ভুগছেন।গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন ৭৪ বছর বয়সী আন্না। এ অবস্থায় গত ২৭ ডিসেম্বর থেকে তিনি মুম্বাইয়ে তিন দিনের অনশন শুরু করেন। এতে তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তিনি দ্বিতীয় দিনেই অনশন ভঙ্গ করেন। চিকিৎসকেরা জানান, অনশন চালিয়ে গেলে তাঁর কিডনিতে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে।অনশন ভেঙে আন্না মুম্বাই থেকে চলে আসেন নিজের শহর র‌্যালেগান সিদ্ধিতে। কয়েক দিন তিনি সেখানেই ছিলেন এবং চিকিৎসকেরা তাঁকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সুচিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আন্নার এক সহযোগী জানান, তাঁকে অন্তত দু-তিন দিন হাসপাতালে থাকতে হবে।চিকিৎসক সানচেতি জানান, আন্নার অসুস্থতা যাতে নিউমোনিয়ায় রূপ না নেয়, সে জন্য আগেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এনডিটিভি।