আন্না হাজারেকে পাশে না পেলেও হতাশ নন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী দিল্লির রামলীলা ময়দানের জনসভায় আন্না হাজারে না এলেও হতাশ নন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ নন। সাংবাদিকদের তিনি বলেছেন, তৃণমূলই হবে ভারতের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল।
রামলীলা ময়দানে জনসভার পরই গত বুধবার রাতে দিল্লিতে সংবাদ সম্মেলন করে নয় রাজ্যে তৃণমূলের আরও ৩০ প্রার্থীর নাম ঘোষণা করেন মমতা। এর আগে পশ্চিমবঙ্গের ৪২টি আসনে প্রার্থী ঘোষণা করেছিলেন তিনি।
নতুন করে প্রার্থী ঘোষণা করা নয়টি রাজ্য হলো—উত্তর প্রদেশ, আসাম, কেরালা, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মহারাষ্ট্র, বিহার ও দিল্লি। দক্ষিণ দিল্লিতে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সাবেক বলিউড তারকা ও কলকাতার টালিউডের অভিনেতা প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। আর আসামের গুয়াহাটি আসনে প্রার্থী আসামের অভিনেতা বিজু ফুকনকে।
এদিকে গতকাল বৃহস্পতিবার কলকাতায় ফেরার পথে দমদম নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘দিল্লির সভা নিয়ে কোনো প্রশ্ন করবেন না। যা বলার তা বলে দিয়েছি গতকাল বুধবার।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আরও বলেন, ‘জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তৃণমূল। এই দলই হবে ভারতের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল। আমরা কোনো অশুভ জোট চাই না। চাই মানুষের জোট।’
বাপ্পী লাহিড়ী বিজেপির প্রার্থী হচ্ছেন না: শেষ পর্যন্ত দার্জিলিং আসনে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন না সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী।
এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা বলেন, বাপ্পী লাহিড়ীর হাতে বেশ কয়েকটি ছবির সংগীত পরিচালনার কাজ পড়ে আছে। নির্বাচনে দাঁড়ালে ওই সব ছবির সংগীত পরিচালনার কাজে সময় দিতে পারবেন না। এটা ভেবেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এদিকে গতকাল সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে দার্জিলিং আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।