ভারতের সমাজকর্মী ও দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারের আমরণ অনশন কর্মসূচিকে ‘সম্পূর্ণ ভুল ধারণাবশত’ বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গতকাল বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।এদিকে আন্না হাজারের গ্রেপ্তারের প্রতিবাদে নয়াদিল্লির তিহার কারাগার এলাকা ছাড়াও কলকাতা, মুম্বাই, হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু, আহমেদাবাদ, অমৃতসর ও ভুবনেশ্বরের মতো বড়ো শহরসহ দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে। সরকার আন্নাকে মঙ্গলবার রাতে শর্তসাপেক্ষে মুক্তি দিতে চাইলেও তিনি রাজি হননি। এখন তাঁকে নয়াদিল্লির রামলীলা ময়দানে অনশনের অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গেছে। সরকারি দুর্নীতির বিরুদ্ধে নজরদারির জন্য প্রক্রিয়াধীন লোকপাল বিল আরও কঠোর করার দাবিতে গত মঙ্গলবার আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্না। ওই কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগে নয়াদিল্লি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। লোকসভায় প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘আন্না হাজারে যে পথ গ্রহণ করেছেন, তা সম্পূর্ণ ভুল ধারণাবশত এবং আমাদের সংসদীয় গণতন্ত্রের সঙ্গে তা যায় না। লোকপাল বিল কঠোর করার দাবিতে গণ-অনশন কর্মসূচি সরকারের বিরুদ্ধে সরাসরি ও অসাংবিধানিক এক চ্যালেঞ্জ।’ তিনি বলেন, ‘প্রশ্ন হলো আইনের খসড়া কে তৈরি করছে এবং কারা তা আইনে পরিণত করবে। এই ক্ষমতা সম্পূর্ণভাবে পার্লামেন্টের।’আন্না হাজারের আদর্শ প্রশংসনীয় বলে স্বীকার করেও প্রধানমন্ত্রী মনমোহন বলেন, তাঁর প্রক্রিয়া অগণতান্ত্রিক ও অগ্রহণযোগ্য। এদিকে আন্না হাজারেকে নয়াদিল্লির রামলীলা ময়দানে অনশনের অনুমতি দেওয়া হতে পারে। গতকালই তিহার কারাগারে আন্নার সঙ্গে সরকারের প্রতিনিধিদের বৈঠকে বিষয়টি ঠিক হওয়ার কথা ছিল। ভারতের বেসরকারি চ্যানেল এনডিটিভির খবরে বলা হয়, সরকারের পক্ষ থেকে রামলীলা ময়দানে অনশন কর্মসূচি পালনের প্রস্তাব দেওয়া হয়েছে আন্নাকে। তবে অনশনের মেয়াদ কত দিন হবে, তা নিয়ে আলোচনা চলছে। এনডিটিভি জানায়, অনশন কর্মসূচি চালানোর জন্য পুলিশের পক্ষ থেকে সাত দিনের সময় প্রস্তাব করা হয়। কিন্তু আন্না সময় বেঁধে দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।গতকাল তিহার কারাগারের সামনে সমর্থকদের উদ্দেশে আন্নার আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, তাঁর পক্ষ থেকে অনশনের জন্য রামলীলা ময়দান বা জয়প্রকাশ পার্কের কথা বলা হয়। তবে সরকারের পক্ষ থেকে কোনো পূর্বশর্ত আরোপ করা হলে হাজারে কারাগারেই অনশন চালিয়ে যাবেন।সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ৭৪ বছর বয়সী আন্না হাজারেকে ছেড়ে দেওয়া হলেও অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার নিশ্চয়তা ছাড়া কারাগার ছাড়তে রাজি হননি তিনি।বিশ্লেষকদের মতে, আন্না হাজারে ও তাঁর সমর্থকদের প্রতি কঠোর অবস্থানে সরকার যে উদ্বিগ্ন, পরিস্থিতি তা-ই তুলে ধরেছে। নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়া হাসান বার্তা সংস্থা এএফপিকে বলেন, আন্নার গ্রেপ্তারের ঘটনায় ‘মৌলিক স্বাধীনতা লঙ্ঘিত’ হয়েছে।বিজেপির সমালোচনা: আন্না হাজারে প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বক্তব্যের সমালোচনা করে একে ‘হতাশাব্যঞ্জক’ বলে আখ্যা দিয়েছে প্রধান বিরোধী দল বিজেপি। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার বিরোধী দলের নেতা অরুণ জেটলি বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শকেরা বোঝেন না, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। পুলিশ দিয়ে তা সম্ভব নয়। এএফপি, বিবিসি, পিটিআই, এনডিটিভি অনলাইন।