আন্নার পর কংগ্রেসের স্বস্তি মুক্ত লালু প্রসাদ
ভারতে দুর্নীতিবিরোধী আন্দোলনের অগ্রপথিক আন্না হাজারের পর কংগ্রেসকে আরেকবার স্বস্তি এনে দিলেন লালু প্রসাদ। আন্না গত রোববার রাজ্যসভায় কংগ্রেসের আনা লোকপাল বিলের প্রতি সমর্থন জানিয়েছেন। আর রাঁচির বীরসা মুন্ডা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েই তিনি বিজেপিকে আক্রমণ করে বললেন, মোদিদের মোকাবিলায় তিনি প্রস্তুত।
মুক্তির পর লালু কী বলেন, তা নিয়ে উদ্বেগ ছিল কংগ্রেসে। রাহুল গান্ধীর বিদ্রোহের পর অর্ডিন্যান্স প্রত্যাহারের ফলে লালুকে শুধু কারাগারেই যেতে হয়নি, তাঁর সাংসদ পদ খারিজ হয়ে গেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও হারিয়েছেন তিনি।
কারাগার থেকে বেরিয়ে সেই লালু বিজেপিকে আক্রমণ করে বললেন, ‘দিল্লিতে এমন দলও রয়েছে, যারা ভোটে দাঁড়ায় অথচ সরকার গড়তে রাজি হয় না। আমি কোনো মোদিকেই ভয় পাই না। সাম্প্রদায়িকতা রুখতে আমি যেকোনো ত্যাগ স্বীকারে রাজি।’
কংগ্রেস মনে করছে, লালুর এ বক্তব্য কংগ্রেসের সঙ্গে তাঁদের জোটকে শক্তিশালী করবে। দলের মুখপাত্র মিম আফজল প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রদায়িকতার প্রশ্নে লালু কখনো আপস করেননি। কংগ্রেসও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে সর্বদা জানবাজি ধরেছে।’
আন্না আর লালু—এই জোড়া স্বস্তির ফলেই উত্তর প্রদেশে নিজের নির্বাচন কেন্দ্র ফারুক্কাবাদে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ কংগ্রেসের কৌশলের দিকটা প্রকাশ করে দেন। তিনি বলেন, আম আদমি পার্টিকে (এএপি) তাঁরা নিঃশর্ত সমর্থন দিয়েছেন। কী করে তারা সস্তায় বিদ্যুৎ ও খাবার পানি সরবরাহ করে, তা দেখবে কংগ্রেস। কথায় ও কাজে যে বিস্তর ফারাক থাকে, সরকার গড়লেই তা বুঝতে পারবে।
বিজেপি ও এএপির সরকার গড়তে অনীহার কারণে কংগ্রেসের অনেকে সমালোচনার সুযোগ পেলেন। পাশাপাশি স্বস্তিও এসেছে কিছুটা। দিল্লিতে আজ মঙ্গলবারের মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতির শাসন জারি হবে। সে ক্ষেত্রে দীর্ঘ ২০ বছরের ধারাবাহিকতার অবসান হবে। রাজনৈতিকভাবে কংগ্রেস সেটিকে লাভজনক মনে করছে। কারণ, প্রচারে বলতে পারবে, দিল্লির যাবতীয় উন্নয়নও তাদেরই শাসনামলে।