আন্নার সন্তোষ প্রকাশ, অনশন ভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভায় দুর্নীতিবিরোধী লোকপাল বিল পাস হওয়ার খবর পেয়ে অনশন ভাঙেন আন্না হাজারে। এ সময় কিরণ বেদি ফুল দিয়ে শুভেচ্ছা জানান আন্নাকে। গতকাল মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্দি গ্রাম থেকে তোলা ছবি ষ এএফপি
লোকসভায় দুর্নীতিবিরোধী লোকপাল বিল পাস হওয়ার খবর পেয়ে অনশন ভাঙেন আন্না হাজারে। এ সময় কিরণ বেদি ফুল দিয়ে শুভেচ্ছা জানান আন্নাকে। গতকাল মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্দি গ্রাম থেকে তোলা ছবি ষ এএফপি

ভারতের রাজ্যসভায় পাস হওয়ার পরদিন গতকাল বুধবার লোকসভায় লোকপাল বিল পাস হয়েছে। দেশে দুর্নীতি রোধে লোকপাল আইন করতে দুই বছর আগে আন্দোলন শুরু করেন প্রবীণ গান্ধীবাদী সমাজসেবী আন্না হাজারে। বিলটি লোকসভায় পাসের খবরে সন্তোষ প্রকাশ করে আন্না মহারাষ্ট্রের রালেগাঁও সিদ্দি গ্রামে অনশন ভাঙেন।
গত মঙ্গলবার রাজ্যসভায় কণ্ঠভোটে লোকপাল বিল পাস হয়েছিল। গতকাল একইভাবে তা লোকসভায় পাস হলো।
অনশন ভাঙার আগে আন্না পার্লামেন্ট সদস্য ও পার্লামেন্টের সিলেক্ট কমিটিকে ধন্যবাদ জানান, যারা মূল বিলে ১৫টি পরিবর্তন এনে অধিকাংশের কাছে তা গ্রহণযোগ্য করে তোলে। তিনি বলেন, দেশের গরিব মানুষের পক্ষে মঙ্গলজনক একটা ঘটনা ঘটল।
আইনমন্ত্রী কপিল সিবাল গতকাল দুপুর সোয়া ১২টার দিকে লোকসভায় লোকপাল বিল পেশ করেন। প্রায় সব দলই সংশোধিত এই বিলে সম্মতি জানায়। বিলটির ওপর কংগ্রেসের হয়ে জোরালো বক্তব্য দেন রাহুল গান্ধী। ইন্দিরা গান্ধীর সময় থেকেই কংগ্রেস দুর্নীতি রোধে যেসব ব্যবস্থা নিয়েছে, তার উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি রোধে সরকারের কাছে আরও কয়েকটি বিল রয়েছে। সেগুলো পাস করানোর জন্য পার্লামেন্টের মেয়াদ কয়েক দিন বাড়ানো দরকার।
রাহুল মেয়াদ বাড়ানোর কথা বললেও কণ্ঠভোটে লোকপাল বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গেই লোকসভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়। শুধু সমাজবাদী পার্টি এই বিলে সম্মতি দেয়নি। কণ্ঠভোটের আগেই দলটির পার্লামেন্ট সদস্যরা অধিবেশন থেকে বেরিয়ে যান।
দুই কক্ষে পাস হওয়ার পর বিলটি এবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি সই করলেই তা আইনে পরিণত হবে। কেন্দ্রীয় এই আইনের ধাঁচেই প্রতিটি রাজ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে লোকায়ুক্ত গঠনের প্রস্তাব বিলে রাখা হয়েছে। তবে সেই বিল তৈরির যাবতীয় ভার রাজ্য সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
দুই বছর আগে লোকপাল আইনের দাবিতে আন্না যখন আন্দোলন শুরু করেন, তখন প্রতিষ্ঠিত প্রায় সব রাজনৈতিক দলের নেতাদের রোষানলে পড়তে হয় তাঁকে। অনেকে ঠাট্টাও করেছিলেন। সেসব রাজনীতিক আজ আন্নাকে অভিনন্দন জানাতে কুণ্ঠিত হননি।
কংগ্রেস ক্ষমতার শেষ সময়ে লোকপাল বিলকে হাতিয়ার করে নিজেদের ক্ষয়িষ্ণু ভাবমূর্তি ফেরানোর চেষ্টায় ব্যস্ত। আর সেই প্রচেষ্টায় তারা আন্নার প্রশংসাকে বড় করে তুলে ধরছে।
তবে এই বিলকে প্রত্যাখ্যান করেছে আম আদমি পার্টি (এএপি)। আন্না হাজারের সাবেক সহযোগী এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করছেন, কংগ্রেস আন্নাকে ভুল বুঝিয়ে দেশকে যা দিল, তাতে আর যা-ই হোক, দুর্নীতির ছিটেফোঁটাও দূর হবে না।